যমুনার চরের বীজ-ব্যবসায়ী নারীদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির উঠোনে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজিবীজ। তা কিনতে দূর-দূরান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। কারণ, এ বীজের মান উন্নত। তবে সবচেয়ে বড় কথাটি হচ্ছে, এই বীজ উৎপাদন ও বিক্রির কাজটি করছেন গ্রামের নারীরা। যমুনার এক বিশাল চরের নারীরা এভাবেই সবজিবীজ উৎপাদন ও তা বিক্রি করে বদলে দিচ্ছেন তাঁদের জীবন। তিন শতাধিক নারী এই বীজ ব্যবসা করছেন। আর্থিক অবস্থার উন্নয়ন প্রভাব ফেলছে তাঁদের জীবনপদ্ধতিতেও। ছেলেমেয়েরা যাচ্ছে বিদ্যালয়ে। কমছে বাল্যবিবাহ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর মধ্যে হাটশেরপুর চর। বহু আগে জেগে ওঠা এই চরে বসতি প্রায় ১০ হাজার মানুষের। সবাই বলতে গেলে হতদরিদ্র। জীবিকা অর্জনের উপায় বলতে চাষাবাদ বা মাছ ধরা। কিন্তু পুরুষেরা এসব করলেও নারীদের সংসারের দৈনন্দিন কাজ ছাড়া ইচ্ছা থাকলেও করার কিছু ছিল না। শিক্ষার চল তেমন নেই। অশিক্ষাসহ বিভিন্ন কারণে অহরহ বাল্যবিবাহ হচ্ছিল। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির প্রণোদনায় এই নারীরা উদ্যমী হয়ে সেই ছবিটা ক্রমে পাল্টে দিয়েছেন। দিনবদলের এই কর্মীদের একজন হাটশেরপুর পূর্ব চরদিঘাপাড়ার আবদুস সবুরের স্ত্রী ফিরোজা বেগম (৪৫)। তিনি প্রথম আলোকে বললেন, ‘হামরা চরের মধ্যে আগে বসে থাকছি। অভাব সংসারে লাগেই থাকত। কোন বেলা খাছি, কোন বেলা খায়নি। এখন এই বীজের ওপর ট্রেনিং লিয়ে হামাগোরে খুব উপকার হচে। এখন বুঝি, ছলপোলক লেখাপড়া শিখান লাগবি। হামার এক ছেলে দুই মেয়ে। সগলে লেখাপড়া করে।’ নিজে লেখাপড়া করতে না পারলেও মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেন ফিরোজা। তিনি জানালেন, ১৫ কাঠা জমি পত্তন নিয়ে তাতে সবজি লাগিয়েছেন। সেই সবজির কিছু বিক্রি করেন আর বাকিটা বীজের জন্য রেখে দেন। লালশাক, লাউ ও কুমড়ার বীজ বিক্রি করেছেন এক হাজার টাকার। ‘হামি বুঝবার পারি হামাগোরে চরে অভাবের কারণে আগে বেটিছলের কম বয়সে বিয়া হছে। একন কম বয়সে হামরা আর বেটি বিয়া দিচ্ছি না। সবাই একন বুঝে, ছোট বয়সে বিয়ে দেওয়া ভালো লয়’, প্রত্যয়ের সঙ্গে বললেন ফিরোজা। এ গ্রামেরই লেদু প্রামাণিকের স্ত্রী কমলা বেগম (৪৫) বললেন, ‘ মা বীজ কীভাবে যত্ন করতে হয়, কোন বীজ কেমন তা আগে জানিনি। হেরা বিনা পয়সায় বীজ ও সার দিছে। সবজিবীজ বিক্রি করে একটা নৌকা কিনেছি। বানের সময় ব্যবহার করা যাবি। আবার এখন ভাড়া খাটানো যাচ্ছে। দুই ছেলেমেয়ে হাইস্কুলে পড়ে। তাদের লেখাপড়ার খরচ দিচ্ছি।’কমলা বেগমও দেড় বিঘা জমি পত্তন নিয়েছেন। আগে তাঁদের কোনো জমি ছিল না। এ বছর ডাঁটাবীজ বিক্রি করেছেন ৫০ টাকা কেজি দরে। এ ছাড়া বেচেছেন মুলা, পালং শাক, ধনিয়া, মিষ্টি কুমড়া, ছাঁচি লাউয়ের বীজ।একই পাড়ার বরুণ অধিকারীর স্ত্রী দুই সন্তানের মা কৃষ্ণা রানী বীজ ব্যবসার টাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে গৃহশিক্ষক রেখে দিয়েছেন। তিনি বলেন, ‘ট্রেনিং পাইয়া হামরা বীজ আবাদ করবার শিখছি। তারপর দুই বিঘা জমি লিয়ে তা চাষ করছি। এবার তিন হাজার টাকার বীজ বেচছি।’অবস্থার উত্তরোত্তর উন্নতি হয়েছে কৃষ্ণা রানীর। প্রথম বীজ বেচার টাকা দিয়ে ছাগল কিনেছিলেন। ছাগল বেচে কিনেছেন বাছুর। আবার দুটি ছাগল তিনটি বাছুর বর্গা নিয়েছেন। এখন স্থায়ীভাবে বীজের ব্যবসা করার স্বপ্ন দেখেন। হাট শেরপুর চরের আরেক গৃহবধূ তোজাম্মেল হকের স্ত্রী রিপন বেগম। রিপন বেগম এই বীজ ব্যবসা প্রকল্পের একটা গ্রুপের সভানেত্রী। তিনি জানালেন, বীজ উৎপাদন ও তা বেচে উপকৃত হয়েছেন। ছেলেমেয়েকে লেখাপড়ার খরচ দিতে পারছেন। ছেলের কোচিংয়ের জন্য প্রতি মাসে ২০০ টাকা করে দিতে হয়। এই টাকা দিচ্ছেন বীজ বিক্রি করে।পূর্ব দীঘাপাড়া চরের আমজাদ আলীর স্ত্রী জিরা বানু স্বামী পরিত্যক্তা। বাবা ছইমুদ্দিনের কাছে থাকেন। ১০ কাঠা জমি বাবার কাছ থেকে নিয়ে বীজের জন্য সবজি চাষ করেছেন। ‘আগে অন্যর মুখের দিকে চাওয়া লাগিছে। এখন বীজ বেচে ভালোই ট্যাকা পাছি। এই ট্যাকা দিয়ে ছয়টা মুরগি কিনে পালছি। সবজি আগে ট্যাকা দিয়ে কিনে খাওয়া লাগিছে আর এখন সবজি খাওয়ার পরে বীজ পাচ্ছি’, বললেন জিরা বানু।হাটশেরপুর চরের রুলি বেগম বীজ বেচে দুই ছেলেমেয়েকে স্কুলে পড়ান। দেড় বিঘা জমি চাষ করে বীজ করছেন তিনি। লালশাক, পালং, ডাঁটা ও ছাঁচি লাউ বিক্রি করেছেন দুই হাজার টাকার। তার ওপর এখান থেকেই বীজ বিক্রি করেছেন চার হাজার ৮০০ টাকার।যমুনা নদীর চরে বসবাসকারী হতদরিদ্র নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ২০০৮ সালে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের এ প্রকল্পটি নিয়েছিল বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। ধারণাটি একাডেমির পরিচালক কৃষিবিজ্ঞানী এ কে এম জাকারিয়ার। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এই প্রকল্পে অর্থায়ন করে। এই কর্মসূচির আওতায় গবেষণাভিত্তিক মরিচ, বেগুন, লালশাক ও চালকুমড়ার বীজ উৎপাদন প্রযুক্তি শীর্ষক চারটি প্রামাণ্য ভিডিও তৈরি করা হয়েছে।প্রকল্প সূত্রে জানা গেছে, বগুড়া জেলাসহ দেশের ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলে তিনটি পর্যায়ে কাজ করার কর্মসূচি নেওয়া হয়। এ লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চর ও শাজাহানপুর এবং জয়পুরহাটের কালাই উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। দেশের ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলেই আগ্রহী ও উদ্যমী নারীদের নিয়ে দল গঠন করা হয়। প্রতি দলে থাকেন ২০ জন করে নারী। মাসে দুবার দলগুলো আলোচনায় মিলিত হয়ে থাকে। সদস্যরা কথা বলেন বীজের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার কৌশল নিয়ে। মাঠ পর্যায়ে কাজ করার পদ্ধতিও এতে শেখানো হয়। সারিয়াকান্দির হাটশেরপুর চরকে একটি গবেষণাকেন্দ্র নির্বাচন করে চরে বসবাসকারী তিন শতাধিক হতদরিদ্র পরিবারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার পর নির্বাচিত নারীদের মধ্যে সবজিবীজ উৎপাদনের লক্ষ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উন্নত বীজ উৎপাদনে সহায়তার জন্য পরিবেশবান্ধব ‘কেঁচো সার’ তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছে। হাটশেরপুর চরে প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি বাড়িতে রয়েছে এই সার তৈরির ব্যবস্থা। এ অঞ্চলে প্রকল্পটির শেষ বছরে এসে এর প্রাপ্তি নিয়ে কর্তৃপক্ষের পাশাপাশি উপকারভোগীরাও তৃপ্ত। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক কৃষিবিজ্ঞানী এ কে এম জাকারিয়া বলেন, গ্রামীণ কৃষিতে যে পরিমাণ বীজ ব্যবহার হয়, গড়ে তার সর্বোচ্চ ২০ শতাংশ আনুষ্ঠানিক উৎস থেকে সরবরাহ করা হয়। অবশিষ্ট ৮০ শতাংশ বীজ আসে কৃষকের বাড়িতে সংরক্ষিত উৎস থেকে। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কৃষকের বাড়িতে সংরক্ষিত বীজ খুবই দুর্বল হয়, যা থেকে আশানুরূপ ফল পাওয়া যায় না। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সহযোগিতায় একাডেমির পরিচালিত বীজ স্বাস্থ্য উন্নয়নবিষয়ক গবেষণায় প্রমাণিত হয়েছে, শুধু মানসম্পন্ন বীজ এককভাবে ১৫-২০ শতাংশ পর্যন্ত ফলন বাড়াতে এবং ১০ শতাংশ পর্যন্ত উৎপাদনী ব্যয় কমাতে সহায়তা করতে পারে। কাজেই ভালো বীজের ব্যবহার ফসলের উৎপাদন বাড়িয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিশাল ভূমিকা রাখতে পারে। এ কে এম জাকারিয়া আরও বলেন, মূলত পুরুষেরাই চাষের কাজ করলেও সেখানে নারীরাও ভূমিকা রাখেন। তাঁরা নানাভাবে স্বামীদের সহায়তা করেন। যেহেতু নারীরাও কৃষিতে যুক্ত থাকেন, সে জন্য তাঁদের মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণের উপায় শিখিয়ে দেওয়া হয়েছে। তাঁরা আগে থেকেই এসব কাজ করতেন। এখন শুধু তার আধুনিকায়ন হয়েছে। বাণিজ্যিক দৃষ্টিতে বিবেচনা করে গ্রামীণ নারীদের উৎসাহিত ও প্রশিক্ষিত করা হলে দেশে বিপুল পরিমাণ ভালো মানের বীজ উৎপাদন হবে। ওপরের ফিরোজা, কমলা আর রুলি বেগমেরা ছাড়াও চকরথিনাথ, তেলিগাড়ি, ধনারপাড়া, শিমুলতাইর, করমজা, আউচারপাড়া, নয়াপাড়া ও বেনীপুর এলাকার শেফাতুন বেগম, আনোয়ারা বেগম, আমিনা খাতুন, মিনি খাতুন, রোকেয়া বেগম, হালিমুল বেওয়া, চামেলী বেগম, চন্দা রানী, গয়না বেগম, ছালেহা খাতুন, রহিমা বেগম, হেলেনা আক্তার, কোহিনূর বেগমসহ চরের দুই শতাধিক নারী বীজ ব্যবসা করে নিজেদের ভাগ্য বদলেছেন। প্রকল্পের সমন্বয়কারী হামিদুল হক বলেন, হাটশেরপুর চরের নারীরা এক মৌসুমে সাড়ে তিন মেট্রিকটন সবজিবীজ উৎপাদন ও বিক্রি করেছেন। শুধু তা-ই নয়, আমন মৌসুমে ৭০ মেট্রিক টন উৎকৃষ্ট মানের আমনবীজ উৎপাদন করেছেন। এসব নারীর উৎপাদিত বীজ কেনার জন্য চরাঞ্চলে বিভিন্ন বীজ কোম্পানির লোকজন ও ক্ষুদ্র বীজ ব্যবসায়ীরা ভিড় করছেন। চরে এ এক অভূতপূর্ব ব্যাপার। বীজ লেনদেনের সুবাদে বিভিন্ন চরের নারীদের মধ্যে যোগাযোগও বেড়েছে। বাড়ছে সচেতনতা। তা ছাড়া হাটশেরপুরের নারীদের কাজ ভিডিও করে তা অন্য চরে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।