যমুনার ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা অয়েল কোম্পানির ছয় কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার কর্মকর্তা বাদী হয়ে এসব মামলা করেন।বাদীরা হলেন: চট্টগ্রাম দুদকের উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, উপসহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার, সাইফুল্লাহ মো. ইমরান ও মো. ফখরুল ইসলাম।আসামিরা হলেন: যমুনা অয়েল কোম্পানির বিটুমিন বরাদ্দ কমিটির সদস্য ও উপমহাব্যবস্থাপক-ডিজিএম (যন্ত্র) মাহিদুর রহমান, ডিজিএম (পিআর) মো. মাসুদ করিম, এজিএম (অডিট) মো. খসর আজাদ, এজিএম (টিএস) মো. সবুর খান, ডিএম (বিক্রয়) মো. আমজাদ হোসেন, ডিএম (বিক্রয়) মো. ইউসুফ খন্দকার।এসব কর্মকর্তার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে কোম্পানির নীতিমালাবহির্ভূতভাবে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া কার্যাদেশ তৈরি ও ব্যবহার করে অসত্ উদ্দেশ্যে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। আসামিদের বিরুদ্ধে ভুয়া কার্যাদেশ দিয়ে সাত কোটি ৯৪ লাখ সাত হাজার টাকা মূল্যের নয় হাজার ৮০৩ ড্রাম ও ৫৫ দশমিক ১৫ মেট্রিক টন বিটুমিন উত্তোলনের অভিযোগ আনা হয়। এই বিটুমিন খোলাবাজারে বিক্রি করে তাঁরা অনেক অর্থ আয় করেন। ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো করা হয়। অন্য আসামিরা হলেন: মেসার্স মোয়ার্জ এন্টারপ্রাইজের ঠিকাদার মোশারফ হোসেইন, মেসার্স জামান এন্টারপ্রাইজের নুরুজ্জামান, মাহবুব এন্টারপ্রাইজ, মেসার্স এম আর প্রেস ও মেসার্স বিক্রমপুর পরিবহন সংস্থার মালিক মো. মাহবুব হোসেন, মেসার্স এস এ এন্টারপ্রাইজের মো. আলী আশরাফ, মেসার্স জেড আর এন্টারপ্রাইজের মো. সেলিম হোসেন, মেসার্স ইকবাল অ্যান্ড ব্রাদার্স এন্টারপ্রাইজের মো. ইকবাল হোসেন এবং মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মো. হাসান। দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক মেজর ফয়সাল পাশা প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে যমুনা অয়েল কোম্পানিতে ভুয়া কার্যাদেশ দিয়ে এই অর্থের সমপরিমাণ মালামাল তোলা হয়। সংঘবদ্ধভাবে প্রাতিষ্ঠানিক এই দুর্নীতি করা হয়েছে। অনুসন্ধানে অনিয়ম বেরিয়ে আসায় যমুনা অয়েলের ছয় কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ধরনের আরও অনুসন্ধান চলছে। অন্য কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।