যমুনার পানি বুড়িগঙ্গায় আনা হবে এ বছরই
রাজধানীর পানিসংকট মেটাতে এ বছরই যমুনা নদীর পানি বুড়িগঙ্গায় আনা হবে। এ জন্য যমুনা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত খনন করে পানি আনা হবে বুড়িগঙ্গায়।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আজ রোববার পানি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। নদী গবেষণা ইনস্টিটিউটের ভূমিকা এবং এর ভবিষ্যত্ পরিকল্পনা বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।পানিসম্পদমন্ত্রী বলেন, ‘যমুনা থেকে ধলেশ্বরী পর্যন্ত খনন করে এ বছরই বুড়িগঙ্গায় পানি আনা হবে। এ জন্য কাতার থেকে আটটি ও ভারত থেকে নয়টি ড্রেজার (খননযন্ত্র) আনা হয়েছে। ড্রেজারগুলো দিয়ে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় নদীখননের মাধ্যমে বুড়িগঙ্গায় পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে।’বুড়িগঙ্গায় বর্জ্য ফেলার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রমেশ চন্দ্র সেন বলেন, বুড়িগঙ্গায় বর্জ্য না ফেলতে কারখানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।