যমুনার পারে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান
এবার ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যমুনার পারে, বঙ্গবন্ধু যমুনা সেতুর পাদদেশে। ২৫ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনা ‘স্বাধীনতার ৪০ বছর’। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে—এমন কয়েকটি দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সংগীতশিল্পী, বাদ্যযন্ত্রী, সুরকার ও গীতিকারকে এই আয়োজনে সম্মাননা জানানো হবে। পুরস্কার প্রদান উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ মেলা’। কথা হলো পুরো আয়োজনের সহযোগী পরিচালক রেহানা সামদানীর সঙ্গে। তিনি জানান, গ্রামের মেলায় যা যা থাকে, ‘বাংলাদেশ মেলা’য় তার সবকিছুই থাকছে। যেমন সাপের খেলা, বানরের নাচ, বায়োস্কোপ, লাঠিখেলা, টিয়া পাখির ভাগ্যগণনা, রনপা, হাতি ও ঘোড়ার পিঠে বসা। থাকবে মাটি ও শোলার তৈরি জিনিসপত্রের স্টল। এই মেলা চলবে সকাল ১০টা থেকে বেলা তিনটা। অনুষ্ঠানস্থলে আগের দিন রাতে আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে বাউলগান এবং তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তির গান ছবির প্রদর্শনী।২৫ নভেম্বর বিকেল চারটায় শুরু হবে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এবার ১৫টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রদানের মাঝে থাকবে গানের পরিবেশনা। এর মধ্যে থাকছে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, পঞ্চকবির গান, চর্যাপদের গান, মরমী গান, লোকগান, চলচ্চিত্রের গান, পপ গান ও ব্যান্ডের গান। অনুষ্ঠানের শুরুতেই থাকবে মুক্তিযুদ্ধের ওপর পালাকারের পরিবেশনায় নাটক। ১৯৭১ সালের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনে জর্জ হ্যারিসনের গান ‘বাংলাদেশ বাংলাদেশ’ নিয়ে নতুন গান তৈরি করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আইয়ুব বাচ্চু। থাকছে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটি ধ্রুপদি গান। অনুষ্ঠান শেষ হবে সব শিল্পীর গাওয়া ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির মধ্য দিয়ে।