সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের দত্তকান্দি গ্রামের পাশে যমুনা নদীতে গতকাল শনিবার একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের দুজন পাইলটের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও অপরজন নিখোঁজ হন। নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও ডুবুরি দল গতকাল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে পাইলটকে উদ্ধার বা বিমানটির অবস্থান নির্ণয় করতে পারেনি।উদ্ধার হওয়া পাইলট শামসুদ্দিন সাংবাদিকদের জানান, বেসরকারি সংস্থা বাংলাদেশ ফ্লাইং একাডেমির সেসনা-১৫২ নামের বিমানটি সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের ৪০ মিনিট পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় ঢাকার নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি চালাচ্ছিলেন অপর পাইলট মো. কামরুল হাসান। তিনি বিমানটি চরে অবতরণের চেষ্টা করছিলেন। এ সময় বিমানটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পাখা ও চাকা ভেঙে পড়ে। এরপরই বিমানটি নদীর পানিতে পড়ে ডুবে যায়।পাইলট শামসুদ্দিন বলেন, ‘নদীতে পড়ার আগেই আমি সিটবেল্ট খুলে ফেলি। কামরুলের বেল্টটিও খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। নিজের বেল্ট খোলা থাকায় চেষ্টা করে আমার পাশের দরজাটি খুলতে সক্ষম হই। পরে পানির ভেতরে থাকা অবস্থায় একটি ব্যাগ নিয়ে বিমান থেকে বের হয়ে পানির নিচ থেকে ভেসে উঠি। পরে স্থানীয় লোকজন নৌকা নিয়ে আমাকে উদ্ধার করে।’প্রত্যক্ষদর্শী গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, একজন ভেসে উঠলে জেলেরা নৌকা নিয়ে তাঁকে উদ্ধার করে। এ ছাড়া তাঁরা বিমানের চাকাসহ কিছু জিনিসপত্র এবং অপর পাইলটের পরিচয়পত্র উদ্ধার করেন।খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার খুরশিদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। খুরশিদ হোসেন বলেন, ‘বিমানটি ৪০-৫০ ফুট পানির নিচে তলিয়ে গেছে। নদীতে বেশ স্রোত রয়েছে। সে কারণে বিমানটির অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে না।’আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাইলট শামসুদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। এরপর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, ঘটনার পরপরই ঢাকা থেকে লেফটেন্যান্ট কমান্ডার শহীদুল ইসলামের নেতৃত্বে নৌবাহিনীর ২০ সদস্যের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নৌবাহিনীর দলটি ঘটনাস্থলে পৌঁছায়নি।এ ছাড়া সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল, বঙ্গবন্ধু সেতুসংলগ্ন সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেডের ৫ আর/ই ব্যাটালিয়নের মেজর কবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল, শাহজাদপুর থেকে সেনাবাহিনীর ১২ সদস্যের একটি দল এবং চৌহালী থানার পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানটির অবস্থান শনাক্ত করা যায়নি।ঘটনাস্থলে উপস্থিত পাইলট কামরুলের মামা মোতাহার হোসেন জানান, নদী থেকে কামরুলের জুতা জোড়া উদ্ধার করেছে লোকজন। কামরুলের (৩২) প্রশিক্ষণ শেষ পর্যায়ে ছিল। তাঁর বাড়ি রাজধানীর বনানীতে। ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোশাররফ হোসেন সন্ধ্যা সাড়ে ছয়টায় মুঠোফোনে বলেন, ‘অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে। আগামীকাল (আজ) সকালে উদ্ধারকাজ আবার শুরু করা হবে।’