যশোর আ.লীগে কোন্দল, তিন মাসে তিন নেতা খুন
যশোরে আওয়ামী লীগের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। জেলা কমিটি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা এখন কার্যত দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্বে আছেন স্থানীয় সাংসদ এবং অপর অংশকে নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। এই দ্বন্দ্বে খুনের ঘটনাও ঘটছে। গত তিন মাসে জেলায় যুবলীগ, ছাত্রলীগ ও তরুণ লীগের তিনজন নেতা খুন হয়েছেন। ক্ষমতাসীন দলের কোন্দল বলে পুলিশও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নিতে পারছে না। এ কারণে জেলায় চুরি, ছিনতাই বৃদ্ধিসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। তিন মাসে এই জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুলছাত্র, ব্যবসায়ী, কৃষকসহ অন্তত ১০ জন খুন হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সমর্থক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন ওরফে দাদা রিপন গত ১৪ মার্চ সদর উপজেলার জামতলায় খুন হন। ১৯ এপ্রিল শহরের লালদীঘির পাড়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী জেলা তরুণ লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ওরফে বাঁশি রিপনকে গুলি করে ও বোমা মেরে হত্যা করা হয়। ১৬ মে যশোরের শার্শায় স্থানীয় কোন্দলের জেরে জবাই করে হত্যা করা হয় উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান ওরফে রতনকে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার সাংসদ খালেদুর রহমানকে উদ্দেশ করে বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে একটি পক্ষ মাঠে নেমেছে। তারা আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মীদের বেছে বেছে খুন করছে।যশোর-৩ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমান বলেন, ‘যারা অস্বচ্ছতার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। তাদের বিরুদ্ধে আমার লড়াই।’ খুনের অভিযোগ অস্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন, ‘একটি খুনের সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই।’এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু এত দিন সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সঙ্গে থাকলেও সম্প্রতি তিনি অবস্থান বদল করেছেন। শাহিন চাকলাদারের সঙ্গে আছেন কি না জানতে চাইলে সভাপতি বলেন, ‘আমি আওয়ামী লীগের সঙ্গে আছি। কোনো ব্যক্তির সঙ্গে নেই।’আওয়ামী লীগের দ্বন্দ্ব মনিরামপুর, কেশবপুরসহ অপর উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও স্পষ্ট হয়ে উঠেছে। যশোর-৫ আসনের (মনিরামপুর) আওয়ামী লীগের সাংসদ খান টিপু সুলতান ৮ মে উপজেলার রাজগঞ্জের কাঁঠালতলা বাজারে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে দলের একটি অংশ সড়কে গাছের গুঁড়ি ফেলে তাঁর পথ রোধ করে। এর আগে তাঁর সভামঞ্চ ভাঙচুর করে পাঁচজন কর্মীকে মারধর করা হয়। সেদিন সংক্ষিপ্ত সমাবেশে খান টিপু সুলতান বলেন, একটি কুচক্রীমহল মনিরামপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।জেলা প্রশাসক নুরুল আমিন সম্প্রতি এই জেলার দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলই এই জেলার শান্তি-শৃঙ্খলার বড় অন্তরায়। দলের দুই পক্ষের শীর্ষস্থানীয় নেতারা সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দেবেন না বলে তাঁরা কথা দিয়েছেন।পুলিশ সুপার দিদার আহম্মেদও যশোরে সহিংসতার জন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করে প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন দল বা বিরোধী দলের মধ্যে কোন্দল থাকলে সেখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। যশোর জেলায়ও তাই ঘটছে।