যশোর ও নাটোরে বিএনপির দুই নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর ও যশোরে বিএনপির দুজন নেতাকে খুন করা হয়েছে। যশোরের শার্শা উপজেলার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কোরবান আলীকে কুপিয়ে খুন করা হয়েছে। এর প্রতিবাদে বিএনপি আজ লাশ নিয়ে সেখানে মিছিল করেছে। এদিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মমিন আলী মণ্ডলকে (৫৫) জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তিনি গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য ও বিয়াঘাট ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। গতকাল শুক্রবার রাতে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।যশোরে গতকাল রাত আটটার দিকে বলিদাদহ গ্রামের খালপাড় এলাকায় দুর্বৃত্তরা বিএনপির নেতা কোরবান আলীকে এলোপাতাড়ি কুপিয়ে কয়েকটি বোমার বিষ্ফোরণ করে পালিয়ে যায়। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে জেলা বিএনপির উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে লাশ নিয়ে আজ শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালদীঘিপাড়ের বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, বিএনপির নেতা কোরবান আলীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।এ ব্যাপারে নিহত কোরবান আলীর স্ত্রী ফাহিমা বেগম বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলিদাদহ গ্রামের পাঁচজন ও অজ্ঞাত পরিচিত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।এদিকে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম মোজাম্মেল হক বলেছেন, সরকার দলীয় ক্যাডারদের নির্যাতনে তাঁর দলের নেতা-কর্মীরা নির্যাতন ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মামলা করার প্রক্রিয়া চলছে।