যশোর ও শরীয়তপুরে ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে যশোরের ১৫ জন এবং শরীয়তপুরে তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করা হয়েছে।যশোরের কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী আজ দুপুরে যশোর বিচারিক আদালতে ১৫ জনের বিরুদ্ধে ওই অভিযোগে মামলা করেন।বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুন মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ অভিযুক্ত ১৫ জন হলেন আমিনউদ্দিন, হাশেম আলী, মোকসেদ সরদার, কেসমত আলী, আনসার ফকির, আবদুল বারী, আবদুল খালেক, আবদুল বারী মোড়ল, আনসার শেখ, হোসেন আলী, আকবর আলী, আজিজ মোড়ল, গণি শেখ ও ইব্রহিম কারিগর।মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ৮ আগস্ট কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আবদুল করিম, ফজর আলী, আবুল কাশেম, নুরুল ইসলামের বাড়িসহ অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও লুটপাট করা হয়।পরের দিন অভিযুক্ত ব্যক্তিরা বগাগ্রামের বশির, গৌরিঘোনা গ্রামের ইসমাইল, কাসতা বাড়ৈহাটি গ্রামের সতীশ সরকার ও কার্তিক সরকারকে গুলি করে হত্যা করেন। এই অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।শরীয়তপুর: শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সামাদ আজ মঙ্গলবার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতে তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিচারিক হাকিম উত্পল ভট্টাচার্য মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে অভিযোগ হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।মামলার বিবরণে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৌলভী সোলায়মান মোল্লা, সামছুল হক মোল্লা ও শরীয়তপুর পৌরসভার কাশাভোগ গ্রামের মৌলভী ইদ্রিস আলী সরদার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া, কাশাভোগ, মানোহর বাজার, মধ্যপাড়া, রুদ্রকরসহ হিন্দুপ্রধান এলাকাগুলোয় ব্যাপক হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগ চালান। এ অভিযোগে আজ মামলাটি দায়ের করা হয়েছে।