যশোর জেলা ছাত্রদলের শীর্ষ আট সদস্যের নাম ঘোষণা
দীর্ঘ সাত বছর পর জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার আটজনকে দায়িত্ব দিয়ে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। ৪ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এ কমিটির নাম প্রকাশ করা হয়।নেতৃস্থানীয় এই আটজনের মধ্যে দুজন মূলত চলমান ছাত্র। বাকি ছয়জন কমিটিতে আসার জন্য বিভিন্ন কলেজে অনিয়মিত (প্রাইভেট) ছাত্র হিসেবে ভর্তি হয়ে ছাত্রত্ব টিকিয়ে রেখেছেন বলে জানা গেছে। এর মধ্যে অধিকাংশ নেতা মূলত ব্যবসায়ী। কেউ কেউ বিয়ে করে সন্তানের জনকও হয়েছেন।জানা গেছে, নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন যশোর শহরের অ্যাসেস কম্পিউটারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম। অন্তত সাত বছর আগে তাঁর নিয়মিত ছাত্রত্ব শেষ হয়ে গেছে। কমিটিতে আসার জন্য তিনি যশোর কলেজে অনিয়মিত (প্রাইভেট) ডিগ্রি (পাস) কোর্সে ভর্তি হয়েছেন। তিনি বিয়ে করে এক সন্তানের জনকও হয়েছেন।কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। তাঁরও নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে বছর পাঁচেক আগে। তিনি এখন মূলত শেয়ারবাজারের ব্যবসার সঙ্গে জড়িত। তিনিও তাঁর ছাত্রত্ব টিকিয়ে রাখার জন্য যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অনিয়মিত ডিগ্রি কোর্সে ভর্তি হন। সহসভাপতি ফারুক হোসেন ও মারুফুজ্জামান কাঞ্চন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত আইন কোর্সে ভর্তি হন। যুগ্ম সম্পাদক মোস্তফা তরফদারের নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে কয়েক বছর আগে। তিনিও তাঁর ছাত্রত্ব টিকিয়ে রাখার জন্য যশোর সরকারি সিটি কলেজে অনিয়মিত ডিগ্রি কোর্স করছেন। সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ও যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ওরফে হ্যাট্রিক এখনো নিয়মিত ছাত্রত্ব টিকিয়ে রেখেছেন। হ্যাট্রিক বিয়ে করে এক সন্তানের জনক হয়েছেন। সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওরফে রবি সরকারি সিটি কলেজে এ বছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স কোর্সের পরীক্ষা দিয়েছেন। তিনি এখন ফল প্রত্যাশী। তাঁরও ছাত্রত্ব শেষের পথে।১১ জুলাই জেলা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলের কর্মী ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতৃত্ব দখল করতে বর্তমান সভাপতি রবিউল ইসলাম ও সহসভাপতি ফারুক হোসেন দুই পক্ষে বিভক্ত হয়ে যান। নিজেদের অবস্থান দৃঢ় করতে তাঁরা মূল সংগঠন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে লবিং শুরু করেন। কর্মিসভা শেষে একটি ফর্মের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের জন্য তৃণমূল নেতাদের মতামত নেওয়া হয়। কিন্তু সংঘর্ষের আশঙ্কায় সেদিন কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা না করে ঢাকায় ফিরে যান।কমিটি গঠনের ব্যাপারে নবগঠিত কমিটির সভাপতি রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, বিরোধী দলে থাকলে সব সময় আন্দোলন-সংগ্রাম করতে হয়। সেদিক বিবেচনায় এনে অভিজ্ঞ নেতা-কর্মীদের সমন্বয়ে কেন্দ্র থেকে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।এ ব্যাপারে কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে।যুগ্ম সম্পাদক মোস্তফা তরফদার বলেন, ‘ছাত্রত্ব না থাকলে তো আর ছাত্রদল করা যায় না। তাই আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং একটি সরকারি কলেজে প্রাইভেট কোর্সে লেখাপড়া করছি। ছাত্রদল করার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি।’উল্লেখ্য, ২০০৩ সালে জেলা ছাত্রদলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দুই বছরের জন্য কমিটি গঠন করা হলেও সাত বছর পর্যন্ত ওই কমিটি স্থায়ী হয়।