যশোর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ
যশোরে পরিবহন শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটি ও ভাঙচুরের ঘটনায় বাস চালানো বন্ধ করে দিয়েছেন চালকেরা। ফলে যশোরের সঙ্গে বিভিন্ন রুটের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে যশোর-রাজগঞ্জ রুটের একটি বাস শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে রাখা হয়। কাউন্টারের দায়িত্বে থাকা সাধন দে চালককে বাসটি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর কয়েকজন পরিবহন শ্রমিক বিআরটিসি কাউন্টারে হামলা চালায়। এ সময় তাঁরা দুটি কাউন্টার ও তিনটি বাস ভাঙচুর করে। এ নিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর সকাল ১০টার দিকে বাস চালকেরা যশোর টার্মিনাল থেকে ১০-১২টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন। এ টার্মিনালে থেকে ১৮টি রুটে বাস চলাচল করে।জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বলেন, ‘আমাদের একজন চালককে মারধর করা হয়েছে। চালকেরা নিরাপত্তার প্রশ্নে গাড়ি চলানো বন্ধ করেছেন। এ ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত গাড়ি চালানো বন্ধ থাকবে।’যশোরের সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) আনিসুর রহমান জানান, এ ব্যাপারে পরিবহন শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে। স্থানীয় সাংসদও রয়েছেন। যত দ্রুত সম্ভব সমাধান করা হবে।