সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এবারই প্রথম জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষার জন্য যশোর শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৫৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। খুলনা বিভাগের ১০ জেলার ১৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন কাঠামোর এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন ও স্কুলগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।আগামী ৪ নভেম্বর এই পরীক্ষা শুরু হবে। এর আগে নতুন এই পরীক্ষাপদ্ধতির নীতিমালা ও করণীয় বিষয় নিয়ে ১০ জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও কেন্দ্র সচিবদের নিয়ে পাঁচটি মতবিনিময় সভা করা হচ্ছে।শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার প্রথম আলোকে বলেন, নতুন কাঠামোর জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৮ অক্টোবর থেকে মতবিনিময় সভা শুরু হয়েছে। ওই দিন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সভা খুলনা শহরে অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে আরও চারটি মতবিনিময় সভা হয়। যশোর জেলার সভা যশোর শহরে, কুষ্টিয়া ও ঝিনাইদহের সভা কুষ্টিয়ায়, মাগুরা ও নড়াইলের সভা মাগুরায় এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরের মতবিনিময় সভা চুয়াডাঙ্গা শহরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই সভার আয়োজন করেছে।শিক্ষা বোর্ডের উপপরীক্ষা-নিয়ন্ত্রক জুলফিকার আলী বলেন, ‘প্রথমবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে, ঢাকা বোর্ড প্রণিত প্রশ্নপত্রে সারা দেশের সব শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩টি বিষয়ের ওপর পরীক্ষা হবে।