যশোর বোর্ডে বেড়েছে জিপিএ-৫ কমেছে পাসের হার
এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয় ঘটেছে। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। এ বছর এই বোর্ডের গড় পাসের হার ৬৭ দশমিক ৭৩ শতাংশ। গত বছর (২০০৯) পাসের হার ছিল ৭৮ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ ছিল দুই হাজার ৯৩ জনের। এর আগের বছর ২০০৮ সালে পাসের হার ছিল ৭২ দশমিক ২৪ এবং জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ছিল এক হাজার ৭৬৪। এ বছর জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে দুই হাজার ২৩৬ জনে এসে দাঁড়িয়েছে। তবে পাসের হার অন্তত ১০ শতাংশ নিচে নেমে গেছে। যশোর জেলার নামীদামি অনেক কলেজের ফলাফলে এবার পাসের হার অনেক কমে গেছে। সেরা দশের তালিকার শীর্ষে থাকা যশোর ক্যান্টনমেন্ট কলেজে গত বছর পাসের হার ছিল ৯৮ দশমিক ২৩ শতাংশ। এবার সেখানে ৯৫ দশমিক ২০ শতাংশে নেমে গেছে। অকৃতকার্য হয়েছে মোট ৩৮ জন।যশোরের ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দীন কলেজিয়েট স্কুলে গত বছর পাসের হার ছিল ৯৮ শতাংশ, এ বছর তা নেমে আসে ৯৫ দশমিক ১২ শতাংশে। বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজে গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৫২ শতাংশ। সেখানে এবার ৭৯ দশমিক ৭৩ শতাংশে নেমে গেছে। ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে তিনি ইংরেজির প্রশ্নপত্র কঠিন হওয়া, কলেজের শিক্ষা ব্যবস্থাপনা তদারকি জোরদার না করা ও অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা।এ ব্যাপারে বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গত ছয় মাসের মধ্যে কলেজ পরিদর্শক ও উপ-পরিদর্শক তাঁর কলেজে দুই দিন পরিদর্শনে গিয়েছেন। শেখ আকিজ উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, গত ছয় মাসে শিক্ষা বোর্ড থেকে দিকনির্দেশনা দেওয়ার জন্য তাঁর কলেজে কেউ আসেননি।এ ব্যাপারে বোর্ডের কলেজ উপ-পরিদর্শক জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, লোকবল সংকটের কারণে অফিশিয়াল কাজ সেরে কলেজ পরিদর্শনে যাওয়ার সময় থাকে না। ফলাফল বিপর্য়য়ের কারণ জানতে চাইলে বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এবার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র একটু কঠিন হওয়ায় শিক্ষার্থীরা ভালো করতে পারেনি।সেরা ২০-এর তালিকায় যশোরের পাঁচ কলেজ: প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার, নিবন্ধনকৃত নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার ও মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তের দিক বিবেচনায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ তালিকায় এবার যশোর জেলার পাঁচটি কলেজ স্থান করে নিয়েছে। তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। এ বছর এই কলেজ থেকে ৭৯১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৫৩ জন শিক্ষার্থী সব বিষয়ে পাস করেন। ২৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।তালিকার ১৪ নম্বরে থাকা যশোর সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজ থেকে ৫১৯ জন নিবন্ধন করে ৫০০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৩৭ জন সব বিষয়ে পাস করেন। জিপিএ-৫ পান ২৪ জন। শহরের ডাক্তার আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ থেকে ৭৫১ জন নিবন্ধন করে ৬০০ জন সব বিষয়ে পাস করেন। জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। বিএএফ শাহিন কলেজ থেকে ৩৩৮ জন নিবন্ধন করে ৩১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ২৭৫ জন। জিপিএ-৫ পান ৩৭ জন। ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দীন কলেজিয়েট স্কুলে থেকে ১৩৮ জন নিবন্ধন করে ১২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১১৭ জন পাস করেন। এর মধ্যে ১৬ জন জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটি তালিকার ১৯ নম্বরে উঠে আসে।শতভাগ পাসের কলেজ: এবার যশোর শিক্ষা বোর্ড থেকে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে যশোরের অভয়নগর উপজেলার গাবখালী মাগুরা ইউনাইটেড কলেজ, এ কলেজ থেকে ৭৮ জন, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন, ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে ৩৫ জন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সিঞ্জর গোপালপুর কলেজ থেকে দুজন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনাইটেড কলেজ থেকে একজন ও কুষ্টিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করার কৃতিত্ব অর্জন করেছেন। পাসের হার শূন্য: এবার যশোর বোর্ডের তিনটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ডাক্তার খালেদুর রহমান কলেজ, মংলা উপজেলার ইউনুস আলী কলেজিয়েট স্কুল ও যশোরের কেশবপুর উপজেলার আবু সারাফ সাদেক টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ। বাগেরহাটে ১৩৩ জন জিপিএ-৫ পেয়েছেনবাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের নয়টি উপজেলার বিভিন্ন কলেজ থেকে এবার ৯৬ জন জিপিএ-৫ পেয়েছেন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সমমানের (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩৭ জন। তবে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেলার কোনো প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পাননি। বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে জেলায় সর্বোচ্চ ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ও মংলা কলেজ থেকে নয়জন করে ১৮ জন এবং মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ থেকে আটজন জিপিএ-৫ পেয়েছেন।যশোর বোর্ডে সপ্তম চুয়াডাঙ্গা সরকারি কলেজচুয়াডাঙ্গা প্রতিনিধি: এবারের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ যশোর বোর্ডে সপ্তম স্থান অধিকার করেছে। জেলায় শীর্ষস্থানে রয়েছে। কলেজ অধ্যক্ষ সজল কান্তি মণ্ডল জানান, এ বছর মোট ৭০৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬০৪ জন। পাসের হার ৮৫ দশমিক ১৯। জিপিএ-৫ পেয়েছেন ৪২ জন।বেসরকারি নিগার সিদ্দিক কলেজের ঈর্ষণীয় ফল: আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ নিগার সিদ্দিক কলেজ ফলাফলের দিক দিয়ে জেলায় দ্বিতীয় এবং বেসরকারি কলেজগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তির হিসেবে জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ। চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ থেকে ৩২৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৮৭ জন। পাসের হার ৫৭ ভাগ। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ থেকে এবার ২৮৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৫৭ জন। পাসের হার ৫৮ দশমিক ৪৯ ভাগ। এই কলেজের ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) শাখায় ৪৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৭ জন। বাকি ১০ জন এক বিষয়ে ফেল করে রেফার্ড পেয়েছেন। সদর উপজেলার বড় শলুয়া নিউ মডেল কলেজ থেকে ১০৫ জন অংশ নিয়ে পাস করেছেন ৬৬ জন। পাসের হার ৬২ দশমিক ৭০ ভাগ। আলমডাঙ্গা ডিগ্রি কলেজ জিপিএ-৫ হিসেবে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। এই কলেজ থেকে এ বছর ৪৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৯৫ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন। আলমডাঙ্গা মহিলা কলেজ থেকে ১৪০ জনের মধ্যে পাস করেছেন ৯১ জন। উপজেলার নিগার সিদ্দিক কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৪ জন। একই কলেজ থেকে ব্যবসা প্রশাসনে (বিএম) শাখায় ৪৯ জন অংশ নিয়ে পাস করেছেন ৪৮ জন। উপজেলার হারদী এম এস জোহা ডিগ্রি কলেজ থেকে ২১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৩২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন। গোকুলখালি ডা. আফছার উদ্দিন কলেজ থেকে ১০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬৬ জন। পাসের হার ৬২ দশমিক ৭০ ভাগ। এই কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। খাসকররা কলেজ বেসরকারি কলেজ হিসেবে তুলনামূলক ভালো ফলাফল করেছে। কলেজটি থেকে এ বছর ৯২ জন অংশ নিয়ে পাস করেছেন ৬৬ জন। পাসের হার ৭১ দশমিক ৯৪ ভাগ।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তিনটি কলেজের মধ্যে দর্শনা সরকারি কলেজ শীর্ষে রয়েছে। এই কলেজ থেকে এ বছর ৪২৪ জন অংশ নিয়ে পাস করেছেন ২৯৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। পাসের হার ৭০ দশমিক ৮০ ভাগ। ফলাফলের দিক দিয়ে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়। এই কলেজ থেকে ১৩৩ জন অংশ নিয়ে পাস করেছেন ৬৩ জন। এ ছাড়া দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে ৩১৬ জনের মধ্যে পাস করেছেন ১৪৭ জন।জীবননগর ডিগ্রি কলেজ উপজেলার মধ্যে জিপিএ-৫ হিসেবে এবার প্রথম হয়েছে। এই কলেজের ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮৩ জন। জিপিএ-৫ পেয়েছেন দুইজন। এদিকে পাসের হারে উপজেলার মধ্যে প্রথম হয়েছে জীবননগর মহিলা কলেজ। এই কলেজ থেকে ৮৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন। পাসের হার ৭০ দশমিক ৮০ ভাগ। এই উপজেলার উথলী মহাবিদ্যালয় থেকে এ বছর ১৭৫ জন অংশ নিয়ে পাস করেছেন ১২৩ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন। পাসের হার ৭০ দশমিক ১১ ভাগ। আন্দুলবাড়িয়া মহাবিদ্যালয় থেকে ৮৪ জন অংশ নিয়ে পাস করেছেন ৪১ জন।