যশোর বোর্ডের চেয়ারম্যান আবুল বাশারকে প্রত্যাহার
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল বাসার মোল্লাকে তাঁর পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে এ কথা জানান। মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে সরকার ঘোষিত তিন দিনের শোক পালনের সময় কুষ্টিয়ার একটি স্কুল থেকে সংবর্ধনা নেওয়ার কারণে আবুল বাসার মোল্লাকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত এ বোর্ডের সচিব অধ্যাপক মো. কামরুল হুদা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।১১ জুলাই সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের স্মরণে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা দেশে গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের শোক দিবস ঘোষণা করেছিল। কিন্তু শোক দিবসের দ্বিতীয় দিন বুধবার যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার মোল্লা কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এর পরিপ্রেক্ষিতে আজ তাঁকে বোর্ড চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।