যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এ বছর মোট সাত হাজার ৩৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পেয়েছিল সাত হাজার ৩৯৯ জন। সেই তুলনায় এবার ২৬ জন জিপিএ-৫ কম পেয়েছে।তবে পাসের হারের দিক থেকে যশোর শিক্ষা বোর্ড এবার রেকর্ড সৃষ্টি করেছে। প্রতিষ্ঠার ৪৮ বছরের ইতিহাসে এ বোর্ড থেকে এবার সর্বোচ্চ ৮৪ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম বলেন, ‘জিপিএ-৫-এর সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীরা যাতে আমাদের কোনো ভুলের শিকার না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’জিপিএ-৫-এর সংখ্যা কমে যাওয়ার জন্য শিক্ষকদের অনেকে উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।এ ব্যাপারে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘রসায়ন বিষয়ে প্রশ্নপত্র জটিল হওয়াটা যেমন দায়ী, তেমনি উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থাপনাও সমানভাবে দায়ী। মূল্যায়ন ব্যবস্থাপনাটা অত্যন্ত জঘন্য। কম সময়ে ফলাফল প্রকাশ করার প্রতিযোগিতার জন্য তাড়াহুড়ো করে খাতা মূল্যায়ন করা হচ্ছে। যার জন্য শিক্ষার্থীরা সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে না।’গত বছর ২০১০ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ১৮ শতাংশ। এর আগের বছর ২০০৯ সালে পাসের হার ৬৮ দশমিক এক শতাংশ।পাসের হার বাড়ার ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম প্রথম আলোকে বলেন, জেএসসি পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় শিথিল হয়ে যাওয়া কিছু নিয়মকানুনের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়। এ বিষয়ে শিক্ষকদের নিয়ে একটি উদ্বুদ্ধকরণ বৈঠক হয়। বৈঠকে বলা হয়, পাঠ পরিকল্পনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় পাসের ব্যাপারেও গুরুত্ব দিতে বলা হয়। স্কুল পরিদর্শন ও তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়। এ সমস্ত পদ্ধতি অনুসরণ করার জন্য পাসের হার বেড়ে গেছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা লেখাপড়ার বিষয়ে যথেষ্ট মনোযোগী ছিল।