বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে যশোর ২২ রাইফেল ব্যাটালিয়নের ৬৪ জন আসামিকে কাল বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদলত-১২-এ আজ বুধবার এ নির্দেশ দেন। সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়ে চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। তাঁকে সহযোগিতা করেন লে. কর্নেল গাজী খালিদ হোসেন ও লে. কমান্ডার তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন শশাঙ্ক শেখর সরকার। মামলার প্রসিকিউটর ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসিব আলম।পরে লে. কর্নেল হাসিব আলম সংবাদ ব্রিফিংয়ে জানান, ২২ রাইফেলে বিদ্রোহ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য নায়েব সুবেদার সহকারী সামছুল ইসলাম ৬৪ জনের বিরুদ্ধে আদালতের কাছে অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে সবাইকে আদালতে হাজির করার জন্যে নির্দেশ দেন। উল্লেখ্য, অভিযুক্ত ৬৪ জনের মধ্যে ৪২ জন আগে থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। অভিযুক্ত অন্য ২২ জন ইউনিটে কর্মরত আছেন।