যশোরকে সিটি করপোরেশন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যশোর একটি পুরোনো শহর। আমরা যদি আগামীবার ক্ষমতায় আসতে পারি, তাহলে যশোরকে সিটি করপোরেশন করব। সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।’আজ বৃহস্পতিবার যশোর শহরের ঈদগাহ মাঠের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রতিশ্রুতি দেন।সাংসদদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘টিআর প্রকল্পের টাকা দিয়ে হাটে-বাজারে, স্কুলে সোলার প্যানেল করে প্রতিটি গ্রাম যাতে আলোকিত করতে পারেন, আপনারা সেই ব্যবস্থা নেবেন।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘উনি দুর্নীতির কথা বলেন, প্রধানমন্ত্রী হয়ে তিনি কালোটাকা বানিয়েছেন। কীভাবে টাকা বানালেন? দুর্নীতির টাকা জরিমানা দিয়ে সাদা করেছেন। বিএনপি নেত্রী করেছেন, তাঁর ছেলেরা করেছে। যারা দুর্নীতি করে টাকা বানিয়ে দেশটাকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের মুখে দুর্নীতিবিরোধী কথা। কথায় বলে না “চোরের মার বড় গলা”।’বিএনপি নেতার ভারতপ্রীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি ক্ষমতায় থাকলে একেবারে ভারতপ্রীতি আর বিরোধী দলে থাকলে ভারতবিরোধিতা। তিনি এবার ভারত সফরে গিয়ে টিপাইমুখে বাঁধ ও সীমান্ত হত্যার কথা একেবারে ভুলে গিয়ে তেল মারায় ব্যস্ত ছিলেন। তিনি তেল মারতেই গিয়েছিলেন।’ খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান, আর মুখে মুক্তিযুদ্ধের কথা বলেন। বাংলাদেশে এ খেলা খেলতে দেওয়া হবে না। যুদ্ধাপরাধীর বিচার করে জাতিকে কলুষমুক্ত করব।’জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহম্মদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব, সাংসদ খালেদুর রহমান, খান টিপু সুলতান, রণজিত্ কুমার রায় প্রমুখ। সভা পরিচালনা করেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যশোরে শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন করেন। বেলা আড়াইটায় শহরের গরীবশাহ সড়কে নির্মিত দেশের বৃহত্ বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন। পরে ঈদগাহ মাঠে ডিজিটাল বাংলাদেশের প্রথম জেলা হিসেবে যশোরের উদ্বোধন করে তিনি জনসভায় ভাষণ দেন।