যশোরে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
হরতাল চলাকালে যশোর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড় থেকে জেল সড়কের কুইন্স হাসপাতাল পর্যন্ত এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এতে ছাত্রলীগের দুই কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড় থেকে হরতালবিরোধী একটি মিছিল দড়াটানা মোড়ে পৌঁছালে মিছিলের পাশে হঠাত্ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে হরতাল-সমর্থকদের ধাওয়া দেন। এ সময় দড়াটানা মোড়, গাড়িখানা সড়ক, একতা হাসপাতাল, কুইন্স হাসপাতাল ও বিএনপির কার্যালয়ের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।সংঘর্ষের সময় দড়াটানা মোড়ে রাখা দৈনিক ‘বণিক বার্তা’ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল কাদের ও যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘লোকসমাজ’ পত্রিকার ফটোসাংবাদিক হানিফ ডাকুয়ার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের ছবি তুলতে গেলে সাদা কাপড়ে মুখবাঁধা যুবকেরা প্রথম আলোর আলোকচিত্রী এহসান মিথুন ও ‘গ্রামের কাগজ’-এর এম এ মানিককে লাঞ্ছিত করেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘কোনো উসকানি ছাড়াই ছাত্রলীগের লোকজন আমাদের পিকেটারদের ওপর হামলা চালিয়েছে।’ এ সময় অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে তিনি দাবি করেন। অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘হরতালবিরোধী শান্তিপূর্ণ মিছিল দড়াটানা মোড়ে পৌঁছালে বিএনপির নেতার একটি ভবন থেকে বোমা হামলা চালানো হয়। এরপর আমাদের ছেলেরা সংগঠিত হয়ে তাঁদের প্রতিহত করে।’ পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ছাত্রলীগের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। যশোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাঈমুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় ককটেল-জাতীয় অনেকগুলো বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ছবি তুলতে গিয়ে কয়েকজন সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে আমরা শুনেছি।’