যশোরে আ.লীগ কর্মীদের হাতে সমাজসেবা কর্মকর্তা প্রহূত
সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক (ডিডি) শেখ আবদুল হামিদকে আজ বুধবার মারধর করেছেন আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় ওই অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামান মনিকে সঙ্গে নিয়ে শংকর কুমার দাস নামের এক ব্যক্তি শারীরিক প্রতিবন্ধীর সনদপত্র আনার জন্য উপপরিচালকের কার্যালয়ে যান। শংকরকে দেখে উপপরিচালক আবদুল হামিদের সন্দেহ হলে তিনি তাঁকে আবার শারীরিক পরীক্ষা করতে বলেন। এ সময় মনিরুজ্জামান নিজেকে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী এক নেতার লোক বলে পরিচয় দেন। উপপরিচালক তাঁর সিদ্ধান্তে অনড় থাকলে দুজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় কার্যালয়ের বাইরে অবস্থানরত তাঁদের সাত-আটজন সহযোগী হুড়মুড় করে কার্যালয়ে ঢুকে আবদুল হামিদকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এক সহযোগী টেবিলের ওপর থাকা পেপারওয়েট আবদুল হামিদকে লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে তাঁর ডান চোখ গুরুতর জখম হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান। উপপরিচালক শেখ আবদুল হামিদ জানান, শংকরকে দেখে শারীরিক প্রতিবন্ধী মনে হয়নি। এ জন্য তাঁকে মেডিকেল বোর্ডের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলা হয়। তখন মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে বলেন, ‘চাকরি করো বেজপাড়ায় আর মনিকে চেন না?’ এরপর তাঁদের আট-দশজন সহযোগী কার্যালয়ে প্রবেশ করলে মনিরুজ্জামান তাঁদের বলেন, ‘শালাকে ধরিস না ক্যান।’ সঙ্গে সঙ্গে তিন-চারজন তাঁকে মারধর শুরু করেন। এ সময় তাঁর গাড়িচালক জয়নুদ্দিন খোকন ও আবদুর রহমান এসে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় মনিরুজ্জামান ও পঙ্কজ কুমারসহ অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। মারধর করার কথা অস্বীকার করে মনিরুজ্জামান বলেন, ‘তিনি (উপপরিচালক) আমাকে ধাক্কা দিয়েছেন। তবে আমার ধাক্কাটি একটু জোরে হয়ে গেছে। ওই ধাক্কায় তিনি পড়ে গিয়ে চোখে আঘাত পান।’ এ ব্যাপারে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিকী প্রথম আলোকে জানান, খবর পেয়ে জেলা প্রশাসক তাঁকে ঘটনাস্থলে পাঠান। সেখানে গিয়ে তিনি দেখেন, কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে মামলার প্রতিবাদে বিকেলে শহরে আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।এ ব্যাপারে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ জানান, পংকজ কুমারের প্রতিবন্ধী সনদের জন্য তাঁরাই আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামানকে দায়িত্ব দিয়ে ওই উপপরিচালকের কাছে পাঠান। কিন্তু দুর্নীতিবাজ ওই উপপরিচালক তা দিতে গড়িমসি করেন।