যশোরে আধা বেলার হরতাল পালিত, বাঘারপাড়ায় ১৪৪ ধারা
যশোর পৌরসভার মেয়র ও বিএনপির নেতা মারুফুল ইসলামকে মারধরের ঘটনায় জেলা বিএনপির ডাকে আজ শনিবার আধা বেলার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান নেওয়ায় বাঘারপাড়া উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় হরতাল চলাকালে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। তবে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা থাকায় সকাল আট থেকেই সড়কে শিক্ষার্থীদের ব্যাপক ভিড় ছিল। শহরে রিকশা-ভ্যান, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী ও পণ্যবাহী যানবাহন সকালে যশোরের ওপর দিয়ে খুলনা, বেনাপোলসহ বিভিন্ন অঞ্চলে গেছে।এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে শহরে হরতাল পালিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিএনপির কর্মীরা পিকেটিং করেছেন। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রিকশা-ভ্যান চলাচলে বাধা দেওয়া হয়নি।এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, শহরের পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল। শহরের কোথাও হরতালের কোনো ছাপ পড়েনি বলে তিনি দাবি করেন।বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, যশোরে হরতাল চলাকালে বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন আজ দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত বাঘারপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।