যশোরে ছাত্রদলের অস্ত্রের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় বোমা বিস্ফোরণ ও প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া হয়। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হয়নি। মুহূর্তের মধ্যে ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি মারুফুজ্জামান কাঞ্চন ও যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হাসান ওরফে হ্যাট্টিকের নেতৃত্বে এক পক্ষ বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে যায়। এরপর তারা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল হক ওরফে শিমুলের নেতৃত্বে অন্য পক্ষের নেতা-কর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিছু বহিরাগত সন্ত্রাসী ক্যাম্পাসে গিয়ে অস্ত্রের মহড়া দিয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে থাকে। যশোর শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কবিরকে পিস্তল হাতে গুলি ছুড়তে দেখা গেছে। পরে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘শরিফুল হাসান হ্যাট্টিকসহ যারা ক্যাম্পাসে মিছিল করতে গিয়েছিল, তাদের ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। অথচ তারা ক্যাম্পাসের আধিপত্য ছাড়তে চায় না। এ কারণে নতুন নেতৃত্বপ্রত্যাশীরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিতে চেয়েছিল। জবাবে তারা প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেছে।’এ ব্যাপারে জানার জন্য মারুফুজ্জামান কাঞ্চন, শরিফুল হাসান হ্যাট্টিকসহ কয়েকজনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ক্যাম্পাসে যারা অস্ত্রের মহড়া দিয়েছে, তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’