যশোরে ছাত্রদলের সম্মেলনে সংঘর্ষ, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাইমুর রহমান ওরফে কপোত (১৯) নামের এক যুবক নিহত ও অপর তিন যুবক আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।নিহত কপোত চৌগাছার দীঘলসিংহা গ্রামের আমিনুর রহমান সরদারের ছেলে। আহত তিনজন হলেন ছাত্রদলের কর্মী সবুজ (১৮), সোহেল (১৯) ও ফারুক হোসেন (২১)। তাঁদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গতকাল সকালে চৌগাছা বাজারের শাহদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন বিএনপির কার্যালয়ে ছাত্রদলের কমিটির গঠনের উদ্দেশ্যে কর্মী সম্মেলন ডাকা হয়। চৌগাছা ছাত্রদলের কমিটি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্বে আছেন বর্তমান সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী আলী হোসেন। অপর অংশের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিক।কর্মিসভা শুরু হওয়ার আগেই সকালে খবর ছড়িয়ে পড়ে যে, সালাউদ্দীনকে সভাপতি ও ওয়াসিমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হচ্ছে। এ নিয়ে প্রতিপক্ষের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কপোত গুরুতর জখম হন। আহত হন অপর তিনজন। কপোতকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।ময়নাতদন্ত শেষে কপোতের লাশ নিয়ে গতকাল সন্ধ্যায় চৌগাছা বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। তবে বিএনপিও কপোতকে তাদের কর্মী বলে দাবি করেছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান দাবি করেন, নিহত কপোত ছাত্রলীগের কর্মী। তাঁকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে। নিহত কপোতের চাচাতো ভাই পিন্টু সরদার প্রথম আলোকে বলেন, কপোত বিএনপির কর্মী সম্মেলনে যোগ দিতে যাননি। তিনি কোনো দল করতেন না। তবে তাঁর বাবা-চাচাসহ বাড়ির সবাই আওয়ামী লীগের সমর্থক। খেলা করতেই কপোত স্কুলের মাঠে গিয়েছিলেন। পাশে বিএনপির অফিসে বন্ধুদের দেখে তিনি সেখানে যান। এরপর সংঘর্ষের মধ্যে পড়ে তিনি জখম হন।তবে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আট বছর আগে চৌগাছা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। অনেক আগেই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।জহুরুল ইসলাম আরও বলেন, ‘আমরা দলীয় কার্যালয়ে পৌঁছানোর আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কপোত নামের ছেলেটি ছাত্রদলের কর্মী। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত এক প্রার্থীর পক্ষে তিনি কাজও করেছেন।’সংঘর্ষের বিষয়ে ছাত্রদলের নেতা মুস্তাক আহমেদ বলেন, এক মাস আগেই উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে, গতকাল কমিটি ঘোষণা করার কথা ছিল। ওই কমিটি নিয়ে কোনো বিরোধ নয়। বরং ছাত্রদলের স্থানীয় একটি কলেজ কমিটি নিয়ে বিরোধের সূত্র ধরে গতকাল সংঘর্ষ বাধে। তবে নিহত কপতকে তিনি চেনেন না বলে জানান।এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, দলে পক্ষ-বিপক্ষ থাকতে পারে। তবে তা ততটা প্রকট নয়। মূলত সামনে-পেছনে বসা নিয়ে সংঘর্ষ শুরু হয় বলে তিনি জানান।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কমিটি গঠনের ব্যাপারে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। দুই পক্ষের কোন্দলের মধ্যে পড়ে কপোত খুন হয়েছেন।