যশোরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন ওরফে দাদা রিপনকে (২৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আজ রোববার সন্ধ্যায় সদর উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।রিপন নিহত হওয়ার খবর শহরে ছড়িয়ে পড়লে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। বন্ধ হয়ে যায় দোকানপাট। শহর প্রায় জনশূন্য হয়ে যায়। পুরো শহরে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে প্রতিবাদ মিছিল করেন। মিছিল থেকে বিভিন্ন দোকানপাটে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।রিপন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের সমর্থক হিসেবে পরিচিত। এর আগে এই পক্ষের সমর্থক আওয়ামী লীগের নেতা রবিউল আজিজ ওরফে তপুকে (৫০) সন্ত্রাসীরা শহরের রেলগেট এলাকার বটতলায় ছুরিকাঘাতে জখম করে। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ জানায়, আজ সন্ধ্যায় সদর উপজেলার এড়ান্দা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রিপন শহরের দিকে আসছিলেন। পথে জামতলা এলাকায় দুর্বৃত্তরা রিপনের পথ রোধ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।নিহত রিপনের চাচা রবিউল ইসলাম হাসপাতালে প্রথম আলোকে বলেন, সন্ধ্যার আগে শহরে আসার কথা বলে রিপন বাড়ি থেকে বের হন। ১০ মিনিট পর খবর পাই, কারা যেন রিপনকে কুপিয়েছে। হাসপাতালে এসে দেখি তাঁর নিথর দেহ।