যশোরে ছুরিকাঘাতে এনজিও কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কামরুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি জেলার শার্শা উপজেলার যদুনাথপুর গ্রামে। তিনি বেসরকারি সংস্থা ‘আশা’র কলারোয়া শাখার ঋণ কর্মকর্তা ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে সাড়ে নয়টার দিকে কলারোয়া থেকে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।নিহতের দুলাভাই রফিকুল ইসলাম জানান, কামরুল গতকাল রাতে কলারোয়া থেকে বাড়ি ফিরছিলেন। তিনি হাড়িখালী বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে বাড়ি আসছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত কামরুলের পেটে ছুরি মেরে তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। নিহতের বড় ভাই নজরুল ইসলাম এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।