যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, বরিশালে কিশোরের লাশ উদ্ধার
যশোর শহরে গতকাল শুক্রবার সকালে ছুরিকাঘাতে জসীমউদ্দীন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন গোলাম মোস্তফা ওরফে বাবু ও রাশিদুল ইসলাম।এদিকে বরিশালের মুলাদী উপজেলার সেলিমপুর বাজারের ট্রলার ঘাটের কাছ থেকে গতকাল সকালে আশরাফুল (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি সেলিমপুর গ্রামে। সে উপজেলার আলীমাবাদ এবিআর স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।যশোরের পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের মামলায় জসীমকে প্রায় দুই সপ্তাহ আগে তাঁর বন্ধু বাবুর উপশহরের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। সপ্তাহ খানেক আগে তিনি জামিনে মুক্তি পান। তাঁর অভিযোগ, বাবুই তাঁকে পুলিশে ধরিয়ে দেন। এর জের ধরে তিনি গতকাল কয়েকজন বন্ধু নিয়ে শহরের শিক্ষা বোর্ড এলাকায় বাবুর দোকানে গিয়ে গালমন্দ করেন। একপর্যায়ে বাবু দোকান থেকে ছুরি বের করে জসীমের পেটে আঘাত করেন। গুরুতর অবস্থায় জসীমকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মামলার প্রক্রিয়া চলছে।এদিকে অভিযোগ পাওয়া গেছে, একটি মুঠোফোন নিয়ে বিরোধের জেরে বরিশালের মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের স্কুলছাত্র আশরাফুলকে শ্বাসরোধে হত্যা করা হয়।ময়নাতদন্তের জন্য তার লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, তাকে গত বৃহস্পতিবার রাতে শ্বাসরোধে হত্যা করা হয়।মুলাদী থানার ওসি আমিরুজ্জামান প্রথম আলোকে গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আশরাফুলের মামাতো ভাই তোফাজ্জেল ও তার বন্ধু মোবারককে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।