আমরা জানি, পরিবেশ ও জনস্বাস্থ্যের খাতিরে যেকোনো জলাশয় ভরাট করা সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু আমাদের যশোরে মনিহার সিনেমা হলের সামনের ফলপট্টির পেছনের পুকুরটি গত বছর অর্ধেক ভরাট করা হয়েছে। এবারও কিছু অংশ ভরাট করে দোকানঘর বসানো হয়েছে। এভাবে মনিহার থেকে মুড়লী রাস্তার র্যাব অফিসের আগের ঈগল গ্যারেজের পাশের একটি পুকুর ভরাট করা হচ্ছে। মুড়লী মোড়ের কাছে তারা মসজিদের বিপরীতে আরও একটি পুকুর সম্পূর্ণ ভরাট করা হয়েছে। এভাবে যশোরের বেশ কয়েকটি পুকুর গত কয়েক বছরে ভরাট করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত পরিবেশ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা প্রশাসনকে এগুলো বন্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।যশোরের মনিহার থেকে মুড়লী পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন মোটর গ্যারেজ অবস্থিত। এই গ্যারেজগুলোতে প্রতিদিন রাস্তার কোল ঘেঁষে গাড়ির রং ও ওয়েল্ডিং করা হচ্ছে। পুরোনো গাড়ি ভাঙা হচ্ছে। দু-তিন জায়গায় স্টিলের পাত কাটা হচ্ছে বিকট শব্দে। কয়েক জায়গায় তেলের ট্যাংকি তৈরি হচ্ছে। এগুলোর শব্দে কান ঝালাপালার অবস্থা।এগুলো সবই করছেন প্রভাবশালী ব্যক্তিরা। সাধারণ মানুষের ক্ষতির কথা তাঁরা কখনোই ভাবেন না। প্রশাসনও নীরব। আমার অনুরোধ, এগুলো প্রতিকারের ব্যবস্থা নিন। দেশ ও সাধারণ মানুষকে শান্তি দিন। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।ইদ্রিস আলী, যশোর।