যশোর শহরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ৪ অক্টোবর ১২তম জাতীয় ক্রিকেট লীগ শুরু হয়েছে।উদ্বোধনী দিনে লীগের প্রথম খেলায় রাজশাহী ও সিলেট বিভাগ মুখোমুখি হয়।বিকেল সাড়ে চারটায় সিলেট বিভাগের দলনায়ক অলক কাপালি টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। রাজশাহীর পক্ষে জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের দল ব্যাটিং করে।খেলা উদ্বোধন করেন যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নূরুল আমিন ও পুলিশ সুপার দিদার আহম্মেদ। অন্যান্যের মধ্যে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিক-উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন।শফিক-উজ-জামান প্রথম আলোকে বলেন, দেশের মোট পাঁচটি ভেন্যুতে এবারের লীগ অনুষ্ঠিত হচ্ছে। খুলনা বিভাগের ভেন্যু করা হয়েছে যশোরে। ১৬ থেকে ১৯ অক্টোবর বরিশাল ও সিলেট এবং ২৯ থেকে ১ নভেম্বর খুলনা ও সিলেট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।ঢাকার বিকেএসপি, রাজশাহী, সিলেট ও বগুড়ায় এ লীগের খেলা অনুষ্ঠিত হচ্ছে।