যশোরে ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পদ্মবিলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল বুধবার রাতে ট্রাক উল্টে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের আর একজন শ্রমিক গুরুতর আহত হন। তাঁর ভাষ্য, হরতাল সমর্থকের ধাওয়া খেয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের উজ্জ্বল বিশ্বাস, আবদুল জলিল ও মোসলেম উদ্দীন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মংলা নৌবন্দর থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় পৌঁছালে পিকেটাররা ট্রাকটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। হামলা এড়াতে চালক দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করলে একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা শ্রমিকেরা সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে উজ্জ্বল বিশ্বাস এবং হাসপাতালে নেওয়ার পথে আবদুল জলিল ও মোসলেম মারা যান। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন শ্রমিক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই ট্রাকের ওপর ছিলাম। হঠাৎ কাচ ভাঙার মতো শব্দ শুনতে পাই, ট্রাকের ভেতরে থাকা দুজন চিৎকার দিতে থাকেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের সিমেন্টের বস্তার নিচে আমরা চাপা পড়ি। আমি কোনো রকমে বেঁচে গেছি।’ এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলো ডটকমকে বলেন, হরতালের সমর্থকদের ধাওয়া খেয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে পুলিশ লাইনে রাখা হয়েছে বলে তিনি জানান। গতকাল বুধবার সকাল আটটার দিকে যশোর উপশহরের খাজুরা ট্রাকস্ট্যান্ড এলাকায় হরতালের সমর্থকদের ধাওয়া খেয়ে একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হালালে বাসটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে একজন নিহত ও তিনজন আহত হন।