যশোরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
স্কুল থেকে বাড়ি ফিরছিল ছোট্ট জিম (৬)। কিন্তু শেষ পর্যন্ত আর ঘরে ফেরা হলো না তার। ট্রাকের ধাক্কায় শেষ হয়ে গেল ছোট্ট এই প্রাণ। যশোর-বেনাপোল সড়কে আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী দুই ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল বাজারের কাছে একটি পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী দুই ঘণ্টা যশোর-বেনাপোল সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন। তাঁরা ঘটনাস্থল তালসারি-দীঘিরপাড় ও বেনাপোল পর্যটন মোটেলের সামনে চারটি গতিরোধক স্থাপনের দাবি জানায়। এ সময় সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।বেনাপোল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।জিম বেনাপোলের তালসারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তাঁর বাবার নাম ইয়ায়িবর রহমান।