যশোরে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ৪, তদন্ত কমিটি গঠন
যশোর-সাতক্ষীরা সড়কে রাজারহাট রেলক্রসিং পার হওয়ার সময় আজ শনিবার ভোরে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়। ঘটনা তদন্তে রেলওয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে রাজারহাট রেলক্রসিংয়ের গেটম্যান রুবেলকে চাকরিচ্যুত করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র ও যশোরের কেশবপুরের দেবব্রত দাস (২৫), যশোরের কেশবপুর উপজেলার মুশফিকুল আল হেলাল (২৩) এবং মনিরামপুরের দেবিদাসপুর গ্রামের গৃহিণী মমতাজ বেগম (৩২)। অপরজনের পরিচয় যানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চিত্রা এক্সপ্রেস রাজারহাট রেলক্রসিং পার হওয়ার সময় গেট লাগানো ছিল না। ঢাকা থেকে ছেড়ে আসা দুর্ঘটনাকবলিত বাসের চালক বাস নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ট্রেনটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলওয়ে পুলিশের (জিআরপি) খুলনার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর চিত্রা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন (পাওয়ার যান) দিয়ে সেটি খুলনায় টেনে নেওয়া হয়। এ ব্যাপারে ট্রেন দুর্ঘটনার মামলা করা হবে।রেলওয়ে যশোরের সহকারী প্রকৌশলী নাঈমুল হক প্রথম আলোকে বলেন, গেটম্যান রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ার কারণে তিনি ক্রসিংয়ে গেট নামাতে পারেননি। দায়িত্বে অবহেলার কারণে তাঁকে চাকরি থেকে বাদ দিয়ে স্থায়ী লোক দেওয়া হয়েছে। রুবেল অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করতেন বলে তিনি জানান। ঘটনা তদন্তের জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আমজাদ হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।