যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক স্কুলের শিক্ষকদের মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। একটি মামলায় সন্ত্রাসীদের হামলার শিকার তিনজন শিক্ষককে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত শিক্ষকদের ওপর হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। শিক্ষকদের মারধরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রধান শিক্ষক আবদুল কাদের বৃহস্পতিবার রাতে একটি মামলা করেছেন। এ মামলায় শিক্ষক মতিউর রহমান, মফিজুর রহমান ও শীতল কান্তি এবং সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম ও আরবপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামানসহ বহিরাগত আরও ছয়জনকে আসামি করা হয়েছে।অন্যদিকে শিক্ষক মতিউর রহমানও একই রাতে শিক্ষক আবদুল কাদের, জাহাঙ্গীর আলম, ইউসুফ আলীসহ বহিরাগত আরও ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন।শিক্ষকদের করা দুটি মামলারই তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি জানান, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এই মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, ৮ মার্চ স্কুলের পিকনিক ছিল। পিকনিকে দুই শিক্ষক জাহাঙ্গীর আলম ও ইউসুফ আলী যাননি। এতে অন্য তিন শিক্ষক মফিজুর রহমান, মতিউর রহমান ও শীতল কান্তি ক্ষুব্ধ হন। তাঁরা জাহাঙ্গীর আলম ও ইউসুফ আলীকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেন এবং বৃহস্পতিবার স্কুল চলাকালীন পদত্যাগপত্র লিখে তাতে স্বাক্ষর নেওয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু এতে রাজি হননি ওই দুই শিক্ষক। এ নিয়ে শিক্ষক আবদুল কাদের, জাহাঙ্গীর আলম ও ইউসুফ আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবারের মারধরের ব্যাপারে জানতে চাইলে শিক্ষক মতিউর রহমান বলেন, ‘পিয়ন আলমগীর চুরি করে স্কুলের খাতা বিক্রি করেছে। বিষয়টি প্রধান শিক্ষককে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। তা ছাড়া দুজন শিক্ষক কোনো কারণ ছাড়াই পিকনিকে যাননি। সে ব্যাপারেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ ব্যাপারে জানতে চাইলে উল্টো তিনি আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা আমাদের ওপর হামলা চালালে আমরা শাহারুল ও শহীদুজ্জামানকে খবর দিই। তাঁরা স্কুলে এলে ওই শিক্ষকেরা পালিয়ে যান।’যুবলীগের নেতা শহীদুজ্জামান বলেন, ‘স্কুলে গন্ডগোলের খবর পেয়ে আমি আর শাহারুল সেখানে যাই। শিক্ষকদের একটি কক্ষে নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল না করার জন্য বোঝাই। কিন্তু এর মধ্যে দেখি, পুলিশ এসে হাজির হয়েছে।’এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা শাহারুলের দুটি মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।প্রধান শিক্ষক গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে বসে অভিযোগ করেন, ‘সহকারী সিনিয়র শিক্ষক মতিউর রহমানের ইন্ধনে শাহারুল ও শহীদুজ্জামানের নেতৃত্বে সন্ত্রাসীরা শত শত শিক্ষার্থীর সামনে আমাদের মারধর করেছে।’ইউসুফ আলী বলেন, ‘শাহারুল স্কুল পরিচালনা কমিটি বা অভিভাবকদের কেউ নন। অথচ তাঁর নিয়ম মেনেই আমাদের চলতে হয়।’স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম বলেন, স্কুল পরিচালনা কমিটির কোনো সভা হয় না। শাহারুল ও শহীদুজ্জামান স্কুলের সবকিছু নিয়ন্ত্রণ করেন।সন্ত্রাসীদের হামলার শিকার শিক্ষক জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।স্কুলের এক শিক্ষার্থী বলেন, ‘মন খারাপ হয়ে গেছে। আমাদের সামনে স্যারকে তাঁরা মারপিট করলেন—অথচ আমরা কিছুই করতে পারিনি।’ একজন অভিভাবক বলেন, ‘শিক্ষকদের কোন্দলের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। আমার ভাইজিকে এ স্কুল থেকে নিয়ে যাব বলে ঠিক করেছি।’