যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগে ওই কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মাসুম হাসানকে তাত্ক্ষণিক বদলি করা হয়েছে। আজ শনিবার সকালে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) রফিকুল ইসলাম মিয়া প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।মাসুম হাসান প্রথম আলো ডটকমকে বলেন, তিনি বদলির নির্দেশ পেয়েছেন। রংপুর পাসপোর্ট কার্যালয়ে তাঁকে বদলি করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভূঁইয়াকে খুলনা রেঞ্জে তাত্ক্ষণিক বদলি করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে তাঁকে বদলি করা হয়েছে। যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একুশে টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি শিকদার খালিদ গত বৃহস্পতিবার ওসি আবদুল জলিলের হাতে লাঞ্ছিত হন। আবদুল জলিল ভূঁইয়া ওই সাংবাদিকের গলা চেপে ধরেন। এর আগে তিনি চারদলীয় জোটের ডাকা হরতাল চলাকালে যশোর জেলা ছাত্রদলের এক নেতার গলা চেপে ধরেছিলেন।