যশোরে ধর্ষণ মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ
যশোরের দুটি ধর্ষণ মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত দুটি চিঠি গত রোববার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পৌঁছেছে।আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বাক্প্রতিবন্ধী এক কিশোরী যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের বাড়িতে ঝিয়ের কাজ নেয়। কিছুদিন পর ওই কিশোরীকে তার মা দেখতে আসেন। কিশোরীর শারীরিক অবস্থা দেখে সন্দেহ হলে তিনি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, ওই কিশোরী অন্তঃসত্ত্বা। পরে ওই কিশোরী তার মাকে জানায়, গোলাম রসুলের ছেলে ফারুক হোসেন তাকে প্রায়ই ধর্ষণ করতেন। এ ঘটনায় ফারুক হোসেনকে আসামি করে শার্শা থানায় একটি মামলা হয়। এই মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া যশোর সদর উপজেলায় ২০০৮ সালের ডিসেম্বরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় উপজেলার বাগডাঙ্গা গ্রামের সাত্তার গাজীর ছেলে ইকবাল হোসেনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা হয়। শার্শা ও কোতোয়ালি থানার পুলিশ তদন্ত করে দুটি মামলারই অভিযোগপত্র আদালতে পাঠায়।জানা গেছে, সম্প্রতি ওই দুটি মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করেন আসামিরা। ওই আবেদনে আওয়ামী লীগের নেতারা সুপারিশও করেন। এর পরিপ্রেক্ষিতে মামলা দুটি প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় থেকে আদালতে চিঠি পাঠানো হয়।এ ব্যাপারে শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফারুক ভালো ছেলে। ধর্ষণ করেছে অন্য কেউ। সেই বিবেচনায় আমরা মামলা প্রত্যাহারের আবেদনে সুপারিশ করি।’ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।’ যশোরে মামলা প্রত্যাহারে গঠিত সরকারি কমিটির সদস্য সরকারি কৌঁসুলি (পিপি) এ জেড এম ফিরোজ বলেন, আওয়ামী লীগের ১১ সদস্যবিশিষ্ট কমিটি যাচাই-বাছাই করে ছয় শতাধিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে বেশি তদবির করা ২২০টির মতো মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখানে এ দুটি মামলাও ছিল। ওই ১১ সদস্যের কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন, যেসব আবেদনে আওয়ামী লীগের নেতাদের সুপারিশ ছিল সেগুলোই প্রত্যাহারের জন্য কমিটি সুপারিশ করেছে।