যশোরে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
যশোর-নড়াইল সড়ক সংস্কার ও নছিমন-করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে সাধারণ পরিবহনের মালিক ও শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সড়ক সংস্কার ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দেওয়া হলে দুপুরে কর্মসূচি প্রত্যাহার করা হয়। এ ব্যাপারে যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, সাধারণ পরিবহনের মালিক ও শ্রমিকেরা ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি পালন করেছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার বণিক প্রথম আলোকে জানান, সড়ক সংস্কার ও অবৈধ নছিমন-করিমন বন্ধের আশ্বাস দিলে দুপুরে পরিবহনের মালিক ও শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন। সড়ক সংস্কারের ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রকাশ চন্দ্র জানান, সড়কটি সংস্কারের কাজ শুরু করা হয়েছে।