যশোরে পাটের আবাদ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর অঞ্চলে এবার পাটের উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক ও কৃষি বিভাগ। অনাবৃষ্টির কারণে কৃষকেরা পাট বুনতে সাহস পাচ্ছেন না। আর যাঁরা বুনেছেন, তাঁরাও রয়েছেন দুশ্চিন্তায়। পোকার আক্রমণে পাটগাছ বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না বলে কৃষকেরা জানিয়েছেন। ১৮ এপ্রিল শার্শা উপজেলার বুজতলা গ্রামের রমজান আলীর পাটখেতে গিয়ে দেখা যায়, তাঁর দুই বিঘা জমির ১০ দিন বয়সের পাটগাছ বিবর্ণ হয়ে গেছে। জায়গায় জায়গায় কিছু গাছ মরেও গেছে। খেতের পাশে দাঁড়িয়ে রমজান আলী বলেন, ‘এমনিতেই বৃষ্টি নেই, তার ওপর এক ধরনের পোকা পাটগাছের মাথায় উঠে মাকড়সার জালের মতো বুনে পাতা খেয়ে ফেলছে। পরে বিবর্ণ হয়ে গাছ মরে যাচ্ছে।’ ওই গ্রামের আরেক কৃষক বিল্লাল হোসেন বলেন, ‘পোকায় পাটখেত শেষ করে দিচ্ছে। অথচ কৃষি কর্মকর্তাদের কেউই মাঠে আসেন না। যে কারণে ওষুধ কোম্পানির ডিলারদের কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবস্থা নিতে হচ্ছে।’গ্রামের অন্তত ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, সব মিলিয়ে তাঁদের ৫০ থেকে ৬০ বিঘা জমির পাটগাছে পোকা লেগে নষ্ট হয়ে যাচ্ছে। জেলার সদর উপজেলার চূড়ামনকাঠি, দেয়াড়া ইউনিয়নসহ চৌগাছা, ঝিকরগাছা ও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় ১৩ হাজার ১৭০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে গত সপ্তাহ পর্যন্ত তিন হাজার ৫১০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে।এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক জি এম আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘মাটি শোধন না করার কারণে পোকার আক্রমণ বেড়েছে। ভারত থেকে চোরাইপথে আসা নিম্নমানের বীজের কারণেও হতে পারে। আর উপসহকারী কৃষি কর্মকর্তাদের অফিশিয়াল কাজ অনেক বেড়ে গেছে। তাই তাঁরা কৃষকের দ্বারে দ্বারে যেতে পারেন না। রোগের চিকিৎসার জন্য রোগীরাই চিকিৎসকের কাছে যাবে, এটিই নিয়ম। কিন্তু আমাদের কৃষকদের কৃষি কর্মকর্তাদের কাছে যেতে অনীহা আছে। তবে একটু বৃষ্টিপাত হলে জমিতে জো আসবে, তখন কৃষকেরা দেদার পাট বপন করবেন। বৈশাখ মাস ধরে পাটবীজ বপন করা যাবে।’