যশোরে পাটের বাজারে ধস, দিশেহারা কৃষক
যশোরে হঠাৎ করে পাটের দাম কমে গেছে। কৃষকের উৎপাদন খরচই উঠছে না। দাম না পেয়ে দিশেহারা কৃষকের পাটে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। কৃষকেরা বলছেন, মিলগুলোর কাছ থেকে চাহিদা কমে যাওয়াই দাম কমার কারণ। পাট অধিদপ্তরের একজন কর্মকর্তা মিলে অতিরিক্ত পণ্য জমে যাওয়া ও ব্যবসায়ীদের ঋণ পেতে বিলম্ব হওয়াকে এ জন্য দায়ী করেছেন।সম্প্রতি যশোরের বাঘারপাড়া উপজেলার কড়াইতলা গ্রামের কৃষক নাজিমউদ্দীন দাম না পেয়ে ক্ষুব্ধ হয়ে হাটের শত শত মানুষের সামনে পাটে আগুন লাগিয়ে দেন। তখন তিনি উপস্থিত কয়েকজন সাংবাদিককে বলেন, শীতকালীন সবজি চাষের মৌসুম শুরু হয়েছে। পাট বিক্রির টাকা দিয়ে সবজির উৎপাদন খরচ তুলতে হবে। এ জন্য ঘরে পাট রেখে দেওয়া যাবে না। কিন্তু যে দামে বিক্রি করতে হচ্ছে, তাতে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না।যশোর সদর উপজেলার খাজুরা বাজারের পাট ব্যবসায়ী কাজী তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সম্প্রতি খাজুরার হাটে ৫০০ থেকে ৮৫০ টাকায় পাট কেনাবেচা হয়েছে। তার মাস খানেক আগেও দাম ছিল ১৫০০ থেকে ১৮০০ টাকা। হঠাৎ দরপতনের ব্যাপারে তিনি বলেন, মিলে চাহিদা কমে যাওয়ার কথা বলে মালিকেরা পাট কেনায় ততটা আগ্রহ দেখাচ্ছেন না। খাজুরা এলাকার কৃষক এনামুল হক প্রথম আলোকে জানান, এ বছর তিনি এক বিঘা জমিতে চাষ করে প্রায় ছয় মণ পাট পেয়েছেন। উৎপাদন খরচ হয়েছে অন্তত পাঁচ হাজার টাকা। সে হিসাবে প্রতি মণে ব্যয় প্রায় ৯০০ টাকা। অথচ তাঁকে পাট বিক্রি করতে হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা মণ দরে।এ ব্যাপারে পাট অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিদিন সকালে পাটের বাজারের দরপতনের চিত্র পাট অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হচ্ছে। বিষয়টির আশু সমাধানের জন্যও সুপারিশ পাঠানো হয়েছে।মিজানুর রহমান বলেন, মৌসুমের শুরুতে (জুলাই-আগস্ট মাসে) পাট কেনার জন্য ব্যবসায়ীদের ব্যাংক লিমিট (ঋণ) দেওয়া হয়। কিন্তু এ বছর পাট মৌসুমের তিন মাস পেরিয়ে গেলেও ব্যাংক লিমিট না দেওয়ায় টাকার অভাবে ব্যবসায়ীরা পাট কিনতে পারছেন না। অন্যদিকে জুট মিলগুলোতে উৎপাদিত পাটজাত পণ্য বিদেশে রপ্তানির অপেক্ষায় রয়েছে। ওই সব পণ্য রপ্তানি না করা পর্যন্ত মিল কর্তৃপক্ষও পাট কেনায় আগ্রহী হচ্ছে না।পাটের দরপতন ঠেকাতে শিগগিরই কিছু করা না গেলে পাট চাষে কৃষক আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে সহকারী পরিচালক মিজানুর রহমান নিজেই আশঙ্কা প্রকাশ করেন।