যশোরে পিকআপ উল্টে দুজনের মৃত্যু
যশোর-মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার এলাকায় পণ্যবাহী পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া পিকআপে থাকা আরও সাতজনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হচ্ছেন—ফরিদপুর সদর উপজেলার সমসের সরদারডাঙ্গা এলাকার মো. ইসহাক (৪০) ও দুর্গাপুর এলাকার আবদুল মাজেদ (৪৫)। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশের ভাষ্যমতে, ফরিদপুর থেকে পেঁয়াজভর্তি একটি পিকআপ খুলনার উদ্দেশে যাওয়ার পথে খাজুরা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশে উল্টে যায়। এতে পিকআপে থাকা নয়জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পরে দুজন মারা যান। এ ব্যাপারে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় একটি মামলা করা হয়েছে।