যশোরে পুলিশ-যুবলীগকর্মী লক্ষ্য করে বোমা হামলা, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ড এলাকায় একদল সন্ত্রাসী গতকাল শনিবার রাত ১১টার দিকে পুলিশ ও যুবলীগের কর্মীদের লক্ষ্য করে বোমা ছুড়েছে। এ সময় সন্ত্রাসীরা অন্তত ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ সদস্য এবং জেলা যুবলীগের তিন কর্মী আহত হয়েছেন।আহত যুবলীগের কর্মীরা হলেন মনিরুল, শিমুল ও বাবুল। তাঁদের বাড়ি শহরের কাজী পাড়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং হাবিলদার আশরাফুলকে পুলিশলাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য মতে, রাতে চুয়াডাঙ্গা স্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় ধাওয়া খেয়ে যুবলীগের তিন কর্মী টহল পুলিশের কাছে আশ্রয় চান। তখনই কয়েকজন সন্ত্রাসী সেখানে পুলিশ ও যুবলীগের কর্মীদের লক্ষ্য করে অন্তত ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা হামলায় পুলিশের এক হাবিলদার এবং যুবলীগের তিন কর্মী আহত হন। এরপর সন্ত্রাসীরা একজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সন্ত্রাসীদের ঠেকাতে পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান প্রথম আলোকে জানান, শহরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। বোমা হামলার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।