যশোরে পুলিশের গুলিতে ছাত্র নিহত হওয়ায় খালেদার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে আজ হরতালের পক্ষে মিছিলে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।খালেদা জিয়া আজ দুপুরে সৌদি আরবে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। সেখানে অবস্থানকালে তিনি ওমরাহ পালন করেন এবং মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকও জিয়ারত করেন।বিমানবন্দরে খালেদা জিয়াকে গণসংবর্ধনা দেওয়ায় তিনি জনগণকে অভিনন্দন জানান। তবে, সংবর্ধনার কারণে রাজধানীবাসীর দুর্ভোগ হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।বিরোধী দলের নেত্রী তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের বিমানবন্দরে ঢুকতে না দেওয়ায় সরকারের সমালোচনা করেন বলে তাঁর প্রেস সচিব মারুফ কামাল খানের বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানিয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সৌদি আরব সফর শেষে আজ রোববার দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন বিরোধীদলীয় নেতা।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানান।দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে আজ সকাল থেকেই বিমানবন্দরের বাইরের গোলচত্বর থেকে বনানী পর্যন্ত সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনেকের হাতে ছিল নানা রঙের ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি।বিএনপির চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের জমায়েতের কারণে কুড়িল বিশ্বরোড মোড় থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়।খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান, চিকিৎসার পাশাপাশি খালেদা জিয়া বাদশা ফয়সাল ইনস্টিটিউটের চেয়ারম্যান যুবরাজ তুর্কি আল ফয়সালের সঙ্গে বৈঠক করেন। রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তাঁর বৈঠক হয়। এ ছাড়া তাঁর সম্মানে যুবরাজদের আয়োজিত নৈশভোজেও অংশ নেন খালেদা জিয়া।