যশোরে পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত
যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ও দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার আবদুল আজিজ বিশ্বাস (৫৮), চাঁচড়া কলোনীপাড়ার হাসান আলী (৪২), চূড়ামনকাটি এলাকার মিলন (২৪) ও শাহিন (১৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাটি বাজারে আজ দুপুরে ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেলকে যশোরগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিলন ও শাহিন মারা যান। দুর্ঘটনার পর চালকটি ট্রাক ফেলে পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।অন্যদিকে যশোর থেকে ১৪-১৫ জনের একটি দল পিকআপ ভ্যানে করে মাছের রেণু পোনা নেওয়ার জন্য খুলনায় যাচ্ছিল। পথে বসুন্দিয়ার দোলনাঘাটা মোড়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আবদুল আজিজ বিশ্বাস ও হাসপাতালে নেওয়ার পর হাসান আলী মারা যান।এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তু বিশ্বাস বলেন, এ ব্যাপারে দুটি মামলা করা হয়েছে।