যশোরে পোলিং এজেন্ট খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পৌরসভায় বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমানের নির্বাচনী পোলিং এজেন্ট কামাল হোসেনকে (৪০) খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।নিহত কামালের বাড়ি যশোর শহরের ষষ্টিতলা বুনোপাড়া এলাকায়। ভোট গণনা শেষে গতকাল রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত নয়টার দিকে ষষ্টিতলাপাড়ার প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) সামনে এলে অজ্ঞাত সন্ত্রাসীরা কামালের বুকে ও পায়ে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। কাউন্সিলর আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, কামাল হোসেন তাঁর নির্বাচনী পোলিং এজেন্ট হিসেবে শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছে। তাঁর প্রতিপক্ষের লোকজন কামালকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে কামাল খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে নির্বাচনী সহিংসতার যোগসূত্র পাওয়া যায়নি। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।