যশোরে ফুলের মোকামে সংঘর্ষ-বোমা বিস্ফোরণ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্ ফুলের মোকাম যশোরের গদখালীতে ফুল কেনাবেচা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষের সময় বাজারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষে তিনজন ফুল ব্যবসায়ী আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে জামাল উদ্দীনকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেলিম রেজা (৩৩) ও মিজানুর রহমানকে (৩২) প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে।পুলিশ ও ফুল ব্যবসায়ীরা জানান, গদখালী ফুলচাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা সপ্তাহ খানেক আগে খুলনা শহরে ফুলের আড়ত খুলেছেন। ওই শহরের খুচরা ফুল বিক্রেতারা ওই আড়ত থেকে ফুল নিতে শুরু করেন। এর আগে সমিতির সদস্য মো. রাহাত খুলনার খুচরা ব্যবসায়ীদের কাছে ফুল সরবরাহ করতেন। তাঁর ব্যবসায় মন্দা যাওয়ায় তিনি শামীম রেজাকে আড়ত বন্ধ করতে বলেন। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। সমিতির সভাপতি আবদুর রহিমকেও বিষয়টি জানানো হয়।আজ সকাল ১০টার দিকে খুলনা শহরে ফুল পাঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকটি বোমারও বিস্ফোরণ ঘটানো হয়।গদখালী ফুলচাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে জানান, রাজনৈতিক প্রভাব সৃষ্টির জন্য একটি পক্ষ এ সংঘর্ষে ইন্ধন জুুগিয়েছে। এ মোকামের নিয়ন্ত্রণ নেওয়াই তাদের লক্ষ্য। একটি পক্ষ আগে থেকে অস্ত্র নিয়ে বাজারে অবস্থান নেওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিষয়টি আমাকে জানানোর পর মিমাংসায় বসার জন্য সাধারণ সম্পাদককে বলেছি। তবে তার আগেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।’এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক ফুল কেনাবেচা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোমা বিস্ফোরণে নয়, সংঘর্ষের সময় এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন।