যশোরে বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে
যশোর শহরের মুজিব সড়কে যশোর জিলা স্কুলের সামনে ঘর-গৃহস্থালি ও হাসপাতাল-ক্লিনিকের বর্জ্য পড়ে রয়েছে দিনের পর দিন। পচা দুর্গন্ধের মধ্যে স্কুলের শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। পথচারীদেরও নাকে রুমাল দিয়ে চলাচল করতে হয়। এ ব্যাপারে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনীল অধিকারী প্রথম আলোকে বলেন, ‘স্কুলের পাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে বাতাস দূষিত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি পৌর কর্তৃৃপক্ষকে জানিয়েও কাজ হচ্ছে না।’এ ব্যাপারে যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামান বলেন, ‘স্কুলের পাশে বর্জ্য না ফেলার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে শহরের চৌরাস্তা মোড়ের কোতোয়ালি থানার সামনে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। সেখানে কয়েক ট্রাক ময়লার স্তূপ জমে গেছে। একই অবস্থা পুলিশ লাইন, যষ্টিতলা পাড়ার বসন্ত কুমার সড়ক, লালদিঘির পাড়সহ শহরের পাড়া-মহল্লায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলায় চলাচলের পথই বন্ধ হয়ে গেছে। বসন্ত কুমার সড়কের ময়লার স্তূপ কয়েক মাস ধরে অপসারণ করা হয় না। ডাস্টবিনের পাশের মুদি দোকানদার আবদুল কাদের বলেন, ‘এক থেকে দেড় মাস যাবৎ সুইপারেরা এখান থেকে ময়লা সরায় না। দুর্গন্ধে দোকানে বসা কষ্টকর হয়ে উঠেছে। তার ওপর একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়, তখন সব ময়লা ভেসে যায়। ’চৌরাস্তার থানার সামনে ফলমূলের বাজার বসে। বাজারের পাশে ময়লা ফেলায় স্তূপ জমে গেছে। সেখানে ডাস্টবিন স্থাপন করা হয়নি। বর্জ্য পচে যাওয়ায় মশা-মাছির উপদ্রপ বেড়ে গেছে বলে ফল দোকানিরা জানান। প্রতিদিন ভোরে ডাস্টবিনের ময়লা ফেলার নিয়ম থাকলেও তা ঠিক মতো মানা হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ ব্যাপারে পরিচ্ছন্নতা পরিদর্শক (কনজারভেনসি ইন্সপেক্টর) হারুন-অর-রশীদ বলেন, ‘পৌরসভার নয়টি ওয়ার্ডের ময়লা ফেলার জন্য মাত্র ছয়টি গাড়ি রয়েছে। তার মধ্যে দুই থেকে তিনটি গাড়ি প্রায় সময় নষ্ট থাকে। যেখানে নিয়মিত ময়লা ফেলার জন্য ১০টি গাড়ির দরকার হয়। তা ছাড়া ফলের মৌসুমের কারণে এখানে ময়লা-আবর্জনা একটু বেশি হচ্ছে, যা পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।’পৌর মেয়র এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শহরের অনেক ডাস্টবিন নষ্ট হয়ে গেছে। নতুন করে ডাস্টবিন নির্মাণের জন্য পরিকল্পনা করা হচ্ছে। পরবর্তী অর্থবছরে তা বাস্তবায়ন করা হবে।’