যশোরে বর্ষার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গগনে সঘনে চমকিছে দামিনি’ কাজী নজরুল ইসলামের এ বর্ষা সংগীতের মাধ্যমে যশোর শহরের সুরবিতান সংগীত একাডেমির মিলনায়তনে ৩০ জুলাই বসেছিল বর্ষার গানের আসর। অনুষ্ঠানে শিল্পীদের সুরের মূর্ছনায় নির্মল আনন্দে মেতে উঠেন দর্শকেরা। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো শ্যামল সুন্দর’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশিত হয়। এরপর সংগীত সাধক গৌরগোপাল হালদার, সংগঠনের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মোর্শেদ, শিল্পী সঞ্জয় সরকার, গোপীনাথ দাস, বিথীকা দত্ত, পাপিয়া ঘোষ, অশোক দত্ত, এনামুল হক, স্বপ্না সাহা, অনিতা দেবনাথ, সাদিয়া মনোয়ারা, কৌশিক খাঁ, সন্ধ্যা অধিকারী, মোয়াজ্জেম হোসেন, প্রবাল ও পার্থ চক্রবর্তী সংগীত পরিবেশন করেন।আসরের শুরুতে সুরবিতান সংগীত একাডেমির সভাপতি আবু সালেহ্ স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নুরুন্নাহার জুঁই।বিবর্তনের দেয়াল নাটক মঞ্চস্থ: সামরিক শাসন চলছে। অনিশ্চিত ভবিষ্যতের বেড়াজালে আটকা পড়ে নির্দোষ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ফারুক আব্দুল্লাহ, রাজনীতিক আজিমুদ্দিন হক ও বয়সে কিশোর ইসমাইল। সামরিক বিচারে তাদের দেওয়া হলো মৃত্যুদণ্ড। রাত পোহালেই তা কার্যকর করা হবে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে এলেন সামরিক জান্তার পোশাক পরা চিকিৎসক। ভিন্ন জীবন বোধের এ তিন প্রতিভূ অজানা আশঙ্কায় কখনো কখনো ব্যাঙ্গাত্মক বাস্তবতায় হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে। আবার কখনো মুষড়ে পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবুও স্বপ্ন থেমে থাকে না। মৃত্যুকে আলিঙ্গনে কুণ্ঠিত না হয়ে বুনতে থাকে স্বতন্ত্র স্বাধীনতা।ফরাসি লেখক জ্যাঁপল সার্তের ‘দেয়াল’ গল্প অবলম্বনে মনোরঞ্জন বিশ্বাসের নাট্যরুপে বিবর্তন যশোর এ নাটকের প্রযোজনা করে। ৩০ জুলাই যশোর জেলা পরিষদ মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের নির্দেশক সানোয়ার আলম খান বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে অভ্যুত্থানের মাধ্যমে বার বার ফিরে আসে সামরিক শাসন। উর্দি পরা লোকেরা অভ্যন্তরীণ অস্থিরতা দমনে নির্বিচারে ধরপাকড় শুরু করে। তারই চিত্র এ নাটকে ফুটে উঠেছে। সামরিক শাসনের পটভূমিতে নাটকটি লেখা হলেও বর্তমান সমাজকেও এ নাটকের মধ্যে পাওয়া যায় বলে তিনি জানান।