যশোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
যশোর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খাজুরা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইয়াসমিন সুলতানা নামের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসমিন খুলনার সরকারি বিএল (ব্রজলাল) কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইনের যাত্রীবাহী বাসটি খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ১২ থেকে ১৫ জন যাত্রী আহত হয়। গুরুতর অবস্থায় ইয়াসমিনসহ আটজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর ইয়াসমিন মারা যান। ইয়াসমিনের ভাই জিটিভির জ্যেষ্ঠ প্রযোজক সোহেল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা থাকার কারণে ইয়াসমিন ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাওয়া গেল।’যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আলম বলেন, দুর্ঘটনার শিকার বাসটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।