যশোরে বিএনপির গাড়িবহরে আওয়ামী লীগ সমর্থকদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলা বিএনপির ‘ঈদ শুভেচ্ছা’ গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় বিএনপির বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপির অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহির প্রথম আলোকে বলেন, বিভিন্ন এলাকার নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য বেলা ১১টার দিকে বেনাপোল থেকে শতাধিক নেতা-কর্মীর একটি গাড়িবহর বের হয়। দুপুর দুইটার দিকে গাড়িবহরটি বাগআঁচড়ার সাতমাইল এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সমর্থক ইলিয়াস কবির ও আমিনুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে বহরে অতর্কিতে হামলা চালিয়ে সাত-আটটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বহরে থাকা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস ও বিএনপি সমর্থক রাজ্জাক মোল্লাসহ পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক প্রথম আলোকে বলেন, ইলিয়াস ও আমিনুর দলীয় কিছু সমর্থক গোলমাল করেছে বলে শুনেছি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সমর্থকেরা এ হামলা চালালেও এর পেছনের বিএনপির অপর একটি পক্ষের ইন্ধন থাকতে পারে।