যশোরে বিডিআর বিদ্রোহ মামলার অভিযোগ গঠন
যশোরে ২২ রাইফেল ব্যাটালিয়নের (বিডিআর) বিদ্রোহ মামলার অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে কাল বুধবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রধান কার্যালয় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে বিশেষ আদালত-১২-তে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযোগের ওপর শুনানি ও চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।আদালতে সভাপতির দায়িত্বে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। বিচারকাজে সহযোগিতার জন্যে লে. কর্নেল গাজী খালিদ হোসেন ও লে. কমান্ডার তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। মামলার চিফ প্রসিকিউটরের (প্রধান কৌঁসুলি) দায়িত্বে রয়েছেন ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসিব আলম।আদালতে মামলার শুনানি ও সাক্ষীদের কাছে আসামিদের জেরার পর অধিনায়ক হাসিব আলম আজ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ২২ ব্যাটালিয়নে বিদ্রোহ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য ব্যাটালিয়নের ৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগের ওপর শুনানির পর আসামিরা সবাই নিজেকে নির্দোষ দাবি করেন।এরপর মামলার ২৭ জন সাক্ষীর মধ্যে চারজনের বক্তব্য আদালতে পেশ করা হয়। এ সময় আসামিরা সাক্ষীদের ব্যাপক জেরা করেন। সাক্ষীরা আসামিদের জেরার উত্তর দেন। পরে বিচারক এহিয়া আজম খান কাল বুধবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।উল্লেখ্য, মামলার অভিযুক্ত ৬৪ জনকেই আজ আদালতে হাজির করা হয়।