যশোরে বিষ দিয়ে মারা হচ্ছে সড়কের সরকারি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে তুঁতেসহ বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করে সড়কের পাশের সরকারি গাছ মেরে ফেলা হচ্ছে। এর মধ্যে বেনাপোলের কাছের কিছু মহীরুহও রয়েছে। পাশের জমির মালিকেরা এতে জড়িত বলে অভিযোগ। জমিকে নিষ্কণ্টক করে দাম বাড়ানো এবং অনেক ক্ষেত্রে মৃত গাছ আত্মসাৎ করা এ কাজের উদ্দেশ্য বলে অনুসন্ধানে জানা গেছে।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের নিয়ন্ত্রণাধীন ১৩৬টি সড়কের মধ্যে গুরুত্বপূর্ণ অন্তত ৩০টি সড়কের পাশের হাজার খানেক গাছ এই নিধনযজ্ঞের শিকার হয়েছে। এর মধ্যে যশোর-বেনাপোল, চৌগাছা-ছুটিপুর, চৌগাছা-মহেশপুর, চৌগাছা-ত্রিমোহিনী, শার্শা-জামতলা, শেখহাটি-তারাগঞ্জ, যশোর-হযরতপুর, যশোর-ঝিনাইদহ ও ধর্মতলা-কাশীপুর সড়কগুলো উল্লেখযোগ্য।এ ব্যাপারে জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষক আশরাফ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত এক হাজার গাছের মধ্যে অন্তত ২০০ গাছ শুকিয়ে ইতিমধ্যে মরে গেছে। গত অর্থবছরে জেলা পরিষদ ও বন বিভাগ ৪৮ লাখ টাকা মূল্যের মৃত ও চোরাই গাছ উদ্ধার করেছে। সরেজমিনে একদিন: গত সোমবার যশোর-বেনাপোল সড়কে গিয়ে দেখা গেছে, শহর থেকে বেনাপোল পর্যন্ত ৩৭ কিলোমিটারের মধ্যে ৫০টির বেশি প্রাচীন গাছের গোড়ার বাকল ছাড়ানো। শার্শা উপজেলা বাজারের কাছাকাছি তিনটি গাছের গোড়ার বাকলের এক-তৃতীয়াংশ কেটে ফেলা হয়েছে। জেলার ঐতিহ্যে পরিণত এ সড়কের ১৪০ বছর বয়সী গাছগুলোর অন্তত ২০টি বাকল তোলার পর শুকিয়ে মরে গেছে।এর আগের দিন জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষকের সঙ্গে ধর্মতলা-কাশীপুর সড়কে সুজলপুর এলাকায় গিয়ে দেখা যায়, শহর থেকে সুজলপুরের জামতলা মোড় পর্যন্ত তিন কিলোমিটার সড়কের দুই পাশের অন্তত ২৫টি রেইনট্রি ও ইপিল ইপিল গাছের গোড়া থেকে বিভিন্ন অংশের চারপাশ থেকে বাকল ছাড়িয়ে রাখা হয়েছে। এর মধ্যে আবার পাঁচ-ছয়টি গাছের প্রায় অর্ধেক করাত দিয়ে কেটে রাখা। যেন একটু জোরে বাতাস হলেই পড়ে যায়।উদ্দেশ্য ও প্রক্রিয়া: যেসব সড়কের পাশে জমির দাম বেশি সেসব সড়কের গাছ বিষ প্রয়োগসহ বিভিন্ন প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে মেরে ফেলা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা এবং জেলা প্রশাসনের সূত্রমতে, সড়কের পাশের জমি নিষ্কণ্টক রাখার জন্য জমির মালিকেরা এ অপকর্মটি করছেন। তুঁতেসহ বিভিন্ন রাসায়নিক ও কেরোসিন তেল প্রয়োগ করে এবং করাত দিয়ে ৪০ থেকে ৫০ শতাংশ গোড়া কেটে রেখে এ নিধনযজ্ঞ চালানো হচ্ছে।ক্ষতিগ্রস্ত গাছের কাছাকাছি বসবাসকারীরা অভিজ্ঞতা থেকে বলেছেন, বাকল ছাড়ানো স্থানে তুঁতে ও কেরোসিন দিয়ে রাখার কিছুদিন পরে গাছের ডাল শুকাতে শুরু করে। মাস ছয়েকের মধ্যে গাছটি পুরোপুরি শুকিয়ে মারা যায়। বিশেষজ্ঞের মত: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, তুঁতে একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ। নরম ধরনের গাছের বাকল ছাড়িয়ে বেশি মাত্রায় প্রয়োগ করা হলে গাছ মারা যেতে পারে। স্বল্পমাত্রায় দেওয়া হলে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। কেরোসিন তেল প্রয়োগের ফলে গাছের কতটা ক্ষতি হয় তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা কঠিন।তবে এ পদার্থও অবশ্যই গাছের জন্য ক্ষতিকর।স্থানীয়রা যা বলেন: শার্শার বাসিন্দা শিক্ষাবিদ ও কলাম লেখক আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, প্রভাবশালী লোকজন অসৎ উদ্দেশ্যে গরিব কাঠকুটো কুড়ানো লোকদের বড় বড় গাছের বাকল তুলে নিতে উৎসাহ দেন। এ ছাড়া অনেক সময় হরতালের দিন সুযোগ বুঝে ট্রাকের সঙ্গে বেঁধে মোটা মোটা ডাল কেটে নেওয়া হয়। শার্শা বাজারের স্থানীয় বাসিন্দা আমদানি-রপ্তানি পণ্যের ব্যবসায়ী নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘পরিকল্পিতভাবে সড়কের গাছ মেরে ফেলা হচ্ছে। সীমান্তের ওপারেই পশ্চিমবঙ্গের বারাসাতের গাছগুলো অত্যন্ত সতেজ। সেখানকার অনেক মানুষ প্রাচীন বলে গাছগুলোকে পূজা দেয়। অথচ যশোর অঞ্চলের মানুষ গাছগুলো মেরে ফেলায় ব্যস্ত।’ সম্প্রতি শার্শার নাভারণ-সাতক্ষীরা সড়কে গিয়ে দেখা গেছে, এ সড়কের শার্শা উপজেলার সাতমাইল এলাকায় গোটা দশেক গাছ শুকিয়ে গেছে। কী কারণে এসব গাছ শুকিয়ে গেল জানতে চাইলে সাতমাইল এলাকার বাসিন্দা আলী আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, যাদের জমির সামনে গাছ রয়েছে তারাই গাছের গোড়ার কিছু অংশ খুঁড়ে বিষ (তিনি একটি রাসায়নিকের নাম বলেন) দিয়ে রাখে।’ প্রশাসন শিথিল, নেতারা হাসেন: পরিবেশের জন্য এ রকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনের তেমন তৎপরতা নেই। যশোর জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন গত বছরের নভেম্বর মাসে ঝিকরগাছা থানায় ‘বিষাক্ত রাসায়নিক প্রয়োগে বৃক্ষ নিধন’-সংক্রান্ত দুটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। জেলা প্রশাসনের অভিযোগ, বিষয়টি পুলিশ আমলেই নেয়নি।এ অভিযোগের ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, অভিযোগের নথি দুটি থানায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বোধ হয় তা রিসিভ করা হয়নি। এখন অভিযোগের নথির নকল কপি নিয়ে থানায় যোগাযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জেলা পরিষদের কর্মকর্তারা অভিযোগ করেন, গুরুতর এ অপরাধের বিষয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা হাসাহাসি করেন, বলেন তাঁদের অভিজ্ঞতা রয়েছে। এতে বিষয়টির প্রতি তাঁদের নিস্পৃহতাই প্রকাশ পায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হবে বলে তাঁরা আশ্বাস দেন।