যশোরে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আজ রোববার দুপুরে যশোরে পাঁচ ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শহরের হাজী মোহাম্মদ মহসীন সড়কের ভৈরব নদের তীরের একটি বস্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে যশোর কোতোয়ালি থানার পুলিশ।আটক হওয়া ব্যক্তিরা হলেন: সদর উপজেলার নালিয়া গ্রামের বাবর আলী (৩২), শহরের ছুরিপট্টি এলাকার বিপুল সিদ্দিকী (৩২), নাজির শংকরপুরের মো. জসীম, পুরাতন কসবা কাজীপাড়ার আলমগীর হোসেন (৩৫) ও নূর আলম (২২)। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, পাঁচজন সন্ত্রাসী বস্তির একটি ঘরে বসে বোমা তৈরি করছিলেন। এ সময় ওই বস্তিতে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে একটি তাজা বোমা, গান পাউডার, লোহার কুচি, কাচের মার্বেলসহ সাত-আট কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা বোমা তৈরির কারিগর বলেও তিনি জানান।