যশোরে বোমা মেরে ইউপি চেয়ারম্যানকে হত্যা, মামলা
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের (্ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শওকত আলীকে (৫০) বোমা মেরে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা বাজারে বিএনপির এক নেতার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। বোমার স্প্লিন্টারের আঘাতে এ সময় অলিয়ার রহমান নামে বিএনপির এক কর্মী আহত হন।এ ঘটনার পরদিন বুধবার চেয়ারম্যান শওকতের ভাই লিয়াকত আলী পাঁচজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। আসামিরা হলো উপজেলার সাদিপুর গ্রামের মিন্টু, তার চাচাতো ভাই দশম শ্রেণীর ছাত্র পিন্টু ও নবম শ্রেণীর ছাত্র সোহাগ এবং বল্লা গ্রামের আবুল ও ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বোমা হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান শওকতসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী ঝিকরগাছা বাজারে উপজেলা বিএনপির এক নেতার বাড়ির উঠানে বৈঠক করছিলেন। সন্ধ্যা সাতটার দিকে এলাকার কয়েকজন যুবক একটি সনদে স্বাক্ষর নিতে শওকতের কাছে যান এবং চেয়ারম্যানকে একটু উঠে আসার অনুরোধ করেন। চেয়ারম্যান তাঁদের কাছে আসতেই যুবকদের একজন একটি বোমা ছোড়েন। এতে চেয়ারম্যান শওকত ও বিএনপির কর্মী অলিয়ার গুরুতর আহত হন। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আধঘণ্টা পর শওকতের মৃত্যু হয়।শওকতের বাড়ি ঝিকরগাছা উপজেলার নোয়ালী গ্রামে। আহত অলিয়ারের বাড়ি মোবারকপুর গ্রামে।বোমা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএনপির উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের দড়াটানা মোড়ে মানববন্ধন হয়েছে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক বলেন, বোমা মেরে একজন জনপ্রতিনিধিকে হত্যা করা হলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে। অবশেষে লাশ নিয়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করার পর পুলিশ মামলা নিতে বাধ্য হয়। মামলা হলেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ আন্তরিক নয়।অভিযোগ অস্বীকার করে সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) এস এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, প্রতিহিংসাবশত মামলায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জড়ানো হয়েছে। মিন্টুর বাবা আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম ও পিন্টুর বাবা রুহুলকে নৃশংসভাবে হত্যা করা হয়। দুটো হত্যা মামলারই প্রধান আসামি ছিলেন চেয়ারম্যান শওকত আলী। তৃতীয় কোনো পক্ষ তাঁকে হত্যা করতে পারে। এ ঘটনায় শুধু শুধু স্কুলপড়ুয়া নিরীহ ছেলেদের ফাঁসানো হচ্ছে।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিহিংসাবশত মামলার এজাহারে কয়েকজনের নাম ঢোকানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।