যশোরে মাছের ভাসমান খাদ্যের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে মাছের ভাসমান খাদ্যের সংকট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে মাছের স্বাভাবিক উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন মাছচাষিরা। এদিকে মাছের খাদ্যের চাহিদা পড়ে যাওয়ায় খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে এবং দামও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।যশোরের মত্স্য সাম্রাজ্য নামে খ্যাত চাঁচড়ার মাছচাষি মোস্তফা আওয়াল প্রথম আলোকে বলেন, ‘এ বছর ২৫ একর জলাধারে দেড় লাখ পাঙ্গাস ও তেলাপিয়া মাছ ছেড়েছি। মাছের জন্য একশ’ বস্তা খাদ্য চাহিদার বিপরিতে পাওয়া যায় ৪০ বস্তা। মাঝ পথে খাদ্যের এ সংকটের কারণে মাছের উত্পাদন ব্যাহত হচ্ছে। তাছাড়া খাদ্যের চাহিদা বেড়ে যাওয়ায় গত বছর হেস্ট্রা গ্রুপ অব কোম্পানির উত্পাদিত মেঘা মত্স্য ফিডে ভেজাল দেওয়া হয়। এদিকে সম্প্রতি দুই দফা ভাসমান খাদ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে প্রতি কেজি খাদ্যে এক থেকে দেড় টাকা করে বেড়ে গেছে।’মাছ চাষি সিরাজুল ইসলাম জানান, তিনি এক একর জমিতে এক লাখ বিদেশি মাগুর মাছ ছেড়েছেন। তিনি ডুবন্ত-ভাসমান সব ধরণেন খাদ্যই ব্যবহার করেন। তবে ভাসমান খাদ্য মাছ খাচ্ছে। যার জন্যে ভাসমান খাদ্য বেশি ব্যবহার করা হচ্ছে। এ খাদ্য পুকুরে দেওয়ার ঘন্টা খানেকের মধ্যে বোঝা যায়, কি পরিমান খাদ্যের চাহিদা রয়েছে। ডুবন্ত খাবারের ক্ষেত্রে এটি বোঝা যায় না। যার জন্যে খাদ্য নষ্ট হয়। জানা গেছে, যশোরে ভাসমান খাদ্য তৈরির তিনটি কোম্পানীর তিনজন ডিলার আছেন। এর মধ্যে হেস্ট্রা গ্রুপ অব কোম্পানি উত্পাদিত মেঘা মত্স্য ফিডের ডিলার খন্দকার ট্রেডার্সের সত্ত্বাধিকারী খন্দকার মঞ্জুরুল হক বলেন, দৈনিক তার খাদ্যের চাহিদা ১৫ মে. টন। সেখানে পাওয়া যাচ্ছে মাত্র দেড় থেকে দুই মে. টন। তিনি বলেন, ‘বয়লারে হিট (তাপ) দিয়ে খাদ্য ভাসমান করা হয়। ওই খাদ্যে বেশি হিট হয়ে যায়। যার জন্যে মাছে তা খায়নি। এর জন্যে বাজারে মাইকে প্রচার করে ওই খাদ্য তুলে নিয়ে কোম্পানি থেকে চাষিদের মধ্যে আবার নতুন করে খাদ্য দেওয়া হয়।দাম বাড়ানোর ব্যাপারে সিপি ভাসমান মত্স্য ফিডের যশোর ডিলারের ব্যবস্থাপক এবাদুল হক বলেন, ‘চাহিদা যখন কম থাকে তখন বন্দরের জাহাজ থেকে খাদ্য গুদামে নিয়ে রাখা হয়। চাহিদা বাড়ার পর সেখান থেকে আনতে আমাদের বেশি খরচ পড়ে যায়। যার জন্যে দাম বাড়ানো হয়।’জেলা মত্স্য কর্মকর্তা আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘এ বছর যশোর জেলায় ৮৫ হাজার মে. টন মাছ উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেখানে জেলায় মাছের চাহিদা ৪৫ হাজার মে. টন। গত বছর ৭৩ হাজার মে. টন মাছ এ জেলায় উত্পাদন হয়েছে। ভাসমান মাছ চাষের দিকে চাষিরা ঝুকছেন। ফলে ভাসমান খাদ্যের চাহিদাও বেড়ে যাচ্ছে।